সময় কলকাতা ডেস্ক:- পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির কারণে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে জেরা করে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দাদের দাবি, পাকিস্তানি এজেন্টদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে জেরায় কবুল করেছে জ্যোতি। পাকিস্তানি হাই কমিশনের কর্তা দানিশের সঙ্গেও জ্যোতির নিবিড় যোগাযোগ ছিল বলেও অভিযোগ।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, জেরায় জ্যোতি জানিয়েছে, দানিশ ছাড়াও আলি হাসানের সঙ্গে সে দেখা করেছিল। জ্যোতিকে শাকির এবং রানা শাহবাজ নামে দু’জনের সঙ্গে পরিচয় করে দিয়েছিল আলি হাসান। দু’জনেই পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সদস্য বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ১৭ মে হিসার থেকে গ্রেপ্তার করা হয়েছিল জ্যোতিকে। আদালতে পেশ করা হলে জ্যোতিকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বুধবার সেই মেয়াদ শেষ হচ্ছে। আজও আদালতে পেশ করে পুলিশ হেফাজতে চায় গোয়েন্দারা।
তদন্তে জানা গিয়েছে, দানিশের পাশাপাশি পাকিস্তানি ‘হ্যান্ডলার’দের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল জ্যোতির। এমনকী, অপারেশন সিঁদুরের সময়েও জ্যোতির সঙ্গে দানিশের যোগাযোগ ছিল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেই সময় যদি পাঠিয়েছিল বলেই দাবি করা হচ্ছে।
হরিয়ানা পুলিশ সূত্রে দাবি, আলি হাসানের সঙ্গে বিভিন্ন সাংকেতিক ভাষায় কথা বলতো জ্যোতি। গ্রেপ্তারের পর থেকেই জ্যোতির বিভিন্ন ডিভাইস ঘেঁটে দেখা হচ্ছে। সেখান থেকে জানা গিয়েছে, ‘প্রোটোকল’, ‘আন্ডারকভার এজেন্ট’-সহ বিভিন্ন সাংকেতিক শব্দ পাওয়া গিয়েছে বিভিন্ন চ্যাট থেকে। কী কী তথ্য আদান-প্রদান হতো এই সব চ্যাটের মাধ্যমে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে।
শাকিরের ফোন নম্বর ‘জট রান্ধাওয়া’ নামে জ্যোতি তার ফোনে সেভ করে রেখেছিল। দেশের ফেরার পর জ্যোতি হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট এবং টেলিগ্রামের মতো এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার ওই এজেন্টদের সঙ্গে যোগাযোগ রেখেছিল।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
অনশনের ১৭ দিনে অসুস্থ সোনম ওয়াংচুকের জন্য উদ্বিগ্ন লেখক -অভিনেতা -বুদ্ধিজীবীরা
কোটি কোটি টাকার চুক্তি :কীভাবে ধোঁকা দিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে বোকা বানালেন ভারতীয় বংশোদ্ভুত ব্যবসায়ী গৌরব?