Home » ‘বিকাশের মঞ্চে’ মোদির বক্তৃতা শেষ ৫ মিনিটেই। স্বল্প-সময়ে বাংলার উদ্দেশ্যে কী কী বললেন প্রধানমন্ত্রী?

‘বিকাশের মঞ্চে’ মোদির বক্তৃতা শেষ ৫ মিনিটেই। স্বল্প-সময়ে বাংলার উদ্দেশ্যে কী কী বললেন প্রধানমন্ত্রী?

সময় কলকাতা ডেস্ক:- বৃহস্পতিবার আলিপুরদুয়ারে দাঁড়িয়ে কোচবিহার ও আলিপুরদুয়ারের আড়াই লক্ষ পরিবারের ঘরে ঘরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে দেওয়ার প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ফলে উপকৃত হবেন আলিপুরদুয়ার এবং কোচবিহারের বাসিন্দারা। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, বাংলার উন্নয়ন ভারতের ভবিষ্যতের ভিত্তি, বাংলার বিকাশ ভারতের ভবিষ্যতের ভিত্তি।

মোদি বলেন, ২০১৪ সালে ১৪ কোটির থেকে কম এলপিজি ছিল। এখন ২১ কোটি হয়েছে। তাঁর সরকার কোণায় কোণায় গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মজবুত করেছে। এলপিজি ডিস্ট্রিবিউশন বেড়েছে। গ্রামে গ্রামে গ্যাস সিলিন্ডার পৌঁছে গিয়েছে। ভারত সরকার পাইপলাইন বিছানো থেকে সব কাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলা ভারতীয় সংস্কৃতির একটা বড় দিক। বাংলা ছাড়া কিছুই সম্ভব নয়। কেন্দ্র সরকার দশ বছরে হাজার কোটি টাকার প্রকল্প করেছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, কলকাতা মেট্রোর উন্নতি করা হয়েছে। নিউ জলপাইগুড়ি ষ্টেশনের উন্নতি করা হচ্ছে। বাংলার বিকাশের কাজ চলছে। এটি শুধু একটা পাইপ লাইন নয়, প্রগতির একটা দিক বাংলায় বিকশিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর কথায়, ভারতবর্ষ উন্নয়নের পথে হাঁটছে। সেই উন্নয়ন যজ্ঞে বাংলার অংশীদারিত্ব প্রত্যাশিত ও অনিবার্য। সেই কারণেই বাংলায় লাগাতার পরিকাঠামো, উদ্ভাবন ও বিনিয়োগে নতুন গতি দিচ্ছে কেন্দ্র। বাংলার উন্নয়ন ভারতের ভবিষ্যতের ভিত গড়ে দেবে। প্রায় ৯ বছর পর ফের আলিপুরদুয়ারে আসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কদিন আগেই নীতি আয়োগের বৈঠকে টিম ইন্ডিয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছিলেন, ২০৪৭ সালে বিকশিত ভারতবর্ষের জন্য চাই বিকশিত রাজ্য। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সরকারি সভায় দাঁড়িয়ে সেই বিকাশের লক্ষ্যে মাত্র পাঁচ মিনিটই দিলেন প্রধানমন্ত্রী।

About Post Author