Home » ‘ক্ষমতা-বহির্ভূত কাজ’ করায় ট্রাম্পের শুল্কনীতি রদ কোর্টের, শুল্কনীতিতে আদালতে ধাক্কা খেলেন ট্রাম্প!

‘ক্ষমতা-বহির্ভূত কাজ’ করায় ট্রাম্পের শুল্কনীতি রদ কোর্টের, শুল্কনীতিতে আদালতে ধাক্কা খেলেন ট্রাম্প!

সময় কলকাতা ডেস্ক:- চাপিয়ে দেওয়া অতিরিক্ত শুল্কনীতি নিয়ে নিজের দেশ আমেরিকার আদালতেই ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী এই মামলার শুনানিতে ভারত-পাকিস্তানের মধ্যে ১০ মে সংঘর্ষ বিরতির দৌত্য করার যুক্তিও আদালতে ধোপে টেকেনি। আদালত আপাতত ট্রাম্পের যাবতীয় শুল্কনীতিতে স্থগিতাদেশ দিয়েছে।

বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক স্থগিত করেছে মার্কিন আদালত। বুধবার নিউইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য আদালত এক আদেশে এমন সিদ্ধান্তের কথা জানায়। আদেশে বলা হয়েছে, বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করে নিজের ক্ষমতার সীমা অতিক্রম করেছেন ট্রাম্প। আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক ওই আদালত জানিয়েছে, প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প তাঁর যে আইনি বাধ্যবাধকতা, তার বাইরে বেরিয়ে কাজ করেছেন। অর্থাৎ, মার্কিন আইনসভায় বিষয়টি নিয়ে আলোচনা না-করেই এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন।

আদালতে করা দুটি মামলার পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে। একটি মামলা করেছিল লিবার্টি জাস্টিস সেন্টার নামের একটি আইনি সংস্থা। ট্রাম্পের শুল্কের নিশানা হওয়া দেশগুলো থেকে পণ্য আমদানি করে—এমন পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলাটি করেছিল তারা। অন্য মামলাটি করা হয়েছিল আমেরিকার ১৩ টি অঙ্গরাজ্যের পক্ষ থেকে।

বুধবার আন্তর্জাতিক বাণিজ্য আদালতের তিনজন বিচারকের একটি প্যানেল আদেশে বলে, কংগ্রেসকে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য নিয়ন্ত্রণ করার বিশেষ ক্ষমতা দিয়েছে দেশের সংবিধান। যুক্তরাষ্ট্রের অর্থনীতির সুরক্ষার জন্য প্রেসিডেন্টের জরুরি ক্ষমতার মাধ্যমে তা বাতিল করা যায় না। আদালতের আদেশের পর এর বিরুদ্ধে আপিলের একটি নোটিস দিয়েছে ট্রাম্প প্রশাসন।

এ বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি হোয়াইট হাউস। তবে হোয়াইট হাউসের কর্মকর্তা ও ডোনাল্ড ট্রাম্পের অন্যতম শীর্ষ উপদেষ্টা স্টিফেন মিলার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, বিচারব্যবস্থায় অভ্যুত্থান নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আদালতের এই আদেশের কাছে মাথা নত করতে রাজি নয় ট্রাম্প প্রশাসন।

তাদের পাল্টা যুক্তি, চিনের আগ্রাসন দমন আর ভারত-পাকিস্তানের সংঘাত থামাতে ‘শুল্কবাণ’ প্রয়োগ করেছিলেন প্রেসিডেন্ট। ফলে কোর্টের এই নির্দেশে সবটাই ঘেঁটে যাবে। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। সেই মতোই গত ২ এপ্রিল নয়া শুল্কনীতি প্রয়োগ করেন তিনি। এমনকী এই দিনটিকে আমেরিকার ‘লিবারেশন ডে’ হিসাবে ঘোষণা করা হয়। যার প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যে।

তবে শুল্ক কার্যকরের সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময়সীমা শেষ হচ্ছে ৯ জুলাই। তার আগেই আদালতে ধাক্কা খেল এই শুল্কনীতি।

About Post Author