সময় কলকাতা ডেস্ক:- লক্ষ্য, ২৬-এর নির্বাচনে বাংলার মসনদ দখল। মুর্শিদাবাদ, মালদায় সাম্প্রদায়িক অশান্তির ঘটনা, নিয়োগ দুর্নীতি এবং নারী নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে, সেই অস্ত্রেই শান দিতে চাইছে বিজেপি। বৃহস্পতিবারের আলিপুরদুয়ারের সভা থেকে বিজেপি কর্মী, সমর্থকদের সেই পথই দেখিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
যদিও, মোদীর বক্তব্যের পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল। রাজ্যের শাসকদল এক্স হ্যান্ডলে পোস্ট করেছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভা থেকে বাংলার তৃণমূল সরকারকে বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ‘মুর্শিদাবাদ, মালদায় যা হয়েছে, তা এই সরকারের নির্মমতার উদাহরণ।’ অন্যদিকে, বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আরও একধাপ এগিয়ে বলেছিলেন, ‘বাংলার বিজেপি কর্মীরা অপারেশন পশ্চিমবঙ্গ করে তৃণমূলকে উৎখাত করবে।’ কয়েক ঘণ্টার মধ্যেই এই সব আক্রমণের জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন তিনি বলেন, ‘অপারেশন সিঁদুর নামটা দিয়েছিলেন পলিটিক্যাল ক্যাচের জন্য। তবে এখনই এই নিয়ে কোনও মন্তব্য করব না। বিজেপির বিরোধী দলের প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে। এই সময়ে নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসেছেন একজন প্রধানমন্ত্রী। এটা শোভা দেয় না। এটা কোনও সৌজন্য হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘মোদী একসময়ে নিজেকে চাওয়ালা বলতেন, দ্বিতীয়বার বললেন পাহারাদার, এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। সিঁদুর এ ভাবে বেচা যায় না। তা মা বোনেদের আত্মসম্মান।’
সন্ত্রাসবাদের বিরুদ্ধে কেন্দ্রের পদক্ষেপের পাশে থাকার বার্তা প্রথম থেকেই দিয়ে এসেছে তৃণমূল। এমনকী, বিশ্বদরবারে পাক সন্ত্রাসবাদের আসল চেহারা তুলে ধরার জন্য দেশের প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সুকান্তর ‘অপারেশন পশ্চিমবঙ্গ’ আক্রমণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদীর বক্তব্যের বড় অংশ জুড়েই ছিল রাজ্যের শিক্ষা ব্যবস্থার দুরাবস্থা ও নিয়োগ দুর্নীতির কথা। চাকরি বাতিলের প্রসঙ্গ তুলে তৃণমূলকে বিঁধে মোদী বলেন, ‘শাসকদলের নেতাদের দুর্নীতির জন্য এখানকার শিশুদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। কিন্তু তারা নিজেদের ভুল মানতেই চাইছেন না। উল্টে আদালতকে আক্রমণ করছে। তৃণমূল সরকার অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু বিজেপি এলে এটা কোনওভাবেই হতে দেবে না।’
এদিন ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের পরে প্রথম রাজ্যে পা রাখেন মোদী। গ্যাস প্রকল্পের উদ্বোধনের পরে জনসভায় উপস্থিত ছিলেন তিনি। বক্তব্যের মাঝেই মোদী উল্লেখ করেন, রাজ্যের মানুষের ‘আস্থা নেই’ বর্তমান সরকারের উপর।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?