সময় কলকাতা ডেস্ক:- পশ্চিমবঙ্গের দোরগোড়ায় নিম্নচাপ। বৃহস্পতিবার বেলা দেড়টা নাগাদ ওই নিম্নচাপটি সাগর দ্বীপ থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া অফিস। জানানো হয়েছে, নিম্নচাপটি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে শক্তি আরও বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। বিকেলের দিকে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে চলেছে।
বৃহস্পতিবার বাংলার দশটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলোর মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। সেখানে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এ দিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
সেই সঙ্গে উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ দিন উত্তর দিনাজপুর ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দার্জিলিং থেকে মালদা-সহ সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।
শনিবার মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
শুক্রবার বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে। সেখানে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এ ছাড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতা-সহ বাকি জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেই সঙ্গে কলকাতায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এ দিন উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর