Home » কেষ্টপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে, মৃত্যু বাড়ি মালিকের

কেষ্টপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে, মৃত্যু বাড়ি মালিকের

সময় কলকাতা ডেস্ক:- মঙ্গলবার ভোররাতে কেষ্টপুরের রবীন্দ্রপল্লিতে নিজের বাড়িতেই আগুনে পুড়ে মৃত্যু হলো ৪২ বছরের এক ব্যক্তির। জানা গিয়েছে, ভোর সাড়ে তিনটে নাগাদ ওই বাড়িতে আগুনের শিখা দেখা যায়। মৃত্যুর কারণ ঘিরে রয়েছে একাধিক ধোঁয়াশা। প্রাথমিক তদন্তে উঠে আসছে আত্মহত্যার তথ্য। মৃতের নাম সব্যসাচী চক্রবর্তী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এএফ-৬৫ নম্বর বাড়ির নিচের তলা থেকে আচমকাই আগুন দেখতে পান লাগোয়া বাড়ির বাসিন্দারা। দমকলে খবর গেলেও তারা পৌঁছনোর আগেই স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন। যদিও তা তেমন ফলপ্রসূ হয়নি। অবশেষে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরই বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় সব্যসাচী চক্রবর্তী অগ্নিদগ্ধ নিথর দেহ।

জানা গিয়েছে,সব্যসাচী চক্রবর্তী পেশায় ব্যবসায়ী ছিলেন। তাঁর বাবা মারা যাওয়ার পর অবিবাহিত অবস্থায় ওই বাড়িতেই একাই থাকতেন। তাঁর ভাই অনুশীলন চক্রবর্তী মা-কে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকেন। মৃতের ঘরে কেন আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

তবে পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। ফলে এটি আত্মহত্যার ঘটনাও হতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে দমকল ও বাগুইআটি থানার পুলিশ।

About Post Author