সানি রায়, সময় কলকাতা : সেফ ড্রাইভ সেভ লাইফ নীতি সকলের জন্য। জীবনদায়ী হেলমেট না পরে বাইক -স্কুটি চালালে জরিমানা দিতে হয়। সাধারণ মানুষের মতো এই নিয়ম পুলিশদের জন্যও প্রযোজ্য। এবার, সেরকমই এক ঘটনার নজির দেখা গেল উত্তরবঙ্গে।হেলমেট ছাড়া বাইক চালিয়ে পুলিশ সহায়ক হোমগার্ডের রেহাই মিলল না।জলপাইগুড়ির বেলাকোবায় জরিমানা দিয়েই হোমগার্ডের মিলল নিস্তার।
সাধারণ বাইক চালকদের হেলমেট ও নথিপত্রহীনতার জন্য যিনি নিয়মিত জরিমানা করতেন, সেই হোমগার্ড নিজেই বাইক চালানোর সময় নিয়ম ভাঙায় তীব্র জনরোষের মুখে পড়লেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বেলাকোবার কলেজ পাড়া এলাকায়। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে ছুটে আসে বেলাকোবা ফাঁড়ির পুলিশ এবং শেষপর্যন্ত চাপে পড়ে ওই হোমগার্ড কর্মীরই বাইকের চালান কাটে।বিবেকানন্দ কলোনির এক বাসিন্দাকে হেলমেট না পরার কারণে গতকালই জরিমানা করেছিলেন ওই হোমগার্ড।আজ কলেজ পাড়া এলাকা দিয়ে ওই হোমগার্ডকে বাইক চালিয়ে যেতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হওয়ায় মোবাইলের মাধ্যমে সরকারি অ্যাপে বাইকের নম্বর দিয়ে সার্চ করতেই ধরা পড়ে আসল তথ্য। দেখা যায়, হোমগার্ডের নিজের বাইকেরই ট্যাক্স ও ইন্স্যুরেন্সসহ একাধিক কাগজপত্র ফেল রয়েছে।নিয়ম ভঙ্গের এই দ্বিমুখীনতা নজরে আসতেই স্থানীয়রা তাঁকে পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন।তুমুল উত্তেজনার খবর পেয়ে বেলাকোবা ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের দাবি, শেষপর্যন্ত সাধারণ মানুষের চাপের মুখেই ওই হোমগার্ডের বাইকের জরিমানা করা হয়।।


More Stories
সামাজিক-মাধ্যমে প্রাক্তন তৃণমূল বিধায়ক “ঘনিষ্ঠ”র বিতর্কিত পোস্ট ঘিরে চাঞ্চল্য
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
পাক সংগঠন আইএসআই-এর জঙ্গি হাবড়ায় গ্রেফতার