সময় কলকাতা ডেস্ক:- রামনবমীর পর এ বার ধুমধাম করে রথযাত্রাও পালন করতে চলেছে বঙ্গ-বিজেপি। আসন্ন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে বিজেপি বাংলায় নতুন ভাবে হিন্দুত্বের জিগির তুলতে চাইছে। শুক্রবার রথযাত্রা। দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে প্রথমবার আয়োজিত হচ্ছে রথযাত্রার। আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি পৌঁছে যান দিঘায়। আগে থেকেই দিঘার জগন্নাথদেবের প্রসাদ রাজ্যজুড়ে বিলি শুরু হয়েছে।
পাশাপাশি রথযাত্রা নিয়েও দিঘায় তুমুল উৎসাহ-উদ্দীপনা। তবে এসবের মাঝেই রথযাত্রায় জেলায় জেলায় রথ-উৎসব পালনের তোড়জোড় শুরু করেছে গেরুয়া শিবির। বুধবার দক্ষিণ কলকাতায় একটি অনুষ্ঠানে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলার হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘রামনবমীর মতো রথযাত্রাতেও শক্তি দেখান হিন্দুরা।’
রথযাত্রার প্রস্তুতি শুরু করার নির্দেশ জেলায় জেলায় পৌঁছে গিয়েছে রাজ্য বিজেপি দফতর থেকেও। গত ৩০ এপ্রিল দিঘায় ‘জগন্নাথ ধাম–এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নিয়মিত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় নজর এড়ায়নি বঙ্গ–বিজেপির নেতাদের। রাজ্য সরকারের তরফে বাংলার প্রতিটি বাড়িতে ‘জগন্নাথের প্রসাদ’ পাঠানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা দেখে গেরুয়া শিবিরের একাংশের ধারণা, বিজেপির হিন্দুত্ব ইস্যুতেও এ বার থাবা বসাতে চাইছে জোড়াফুল শিবির।
তাই, পরিস্থিতি মোকাবিলায় রাজ্যজুড়ে ধুমধাম করে রথযাত্রা কর্মসূচি পালনের কৌশল নিয়েছে পদ্ম-শিবির। আর আরও একধাপ এগিয়ে বুধবার শুভেন্দু অধিকারী ঘোষণাও করে দিয়েছেন, দিঘার পাল্টা পুরীর জগন্নাথদেবের প্রসাদ রথের দিন থেকে রাজ্যে বিলি করা হবে।
তবে শুধু শুভেন্দুই যে হিন্দুত্বের জিগিড় তুলে উস্কে দিচ্ছেন তা নয়, পিছিয়ে নেই সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরাও।
শতাধিক রথযাত্রা উদযাপন কমিটির সঙ্গে কথাবার্তা বলেছেন শুভেন্দু এবং রাজ্য বিজেপির নেতারা। বিজেপি মনোভাবাপন্ন বহু সামাজিক সংগঠনও রথযাত্রা উপলক্ষে পথে নামবে। রথযাত্রা পালনের চূড়ান্ত রূপরেখা তৈরি করে ফেলেছে বঙ্গ-বিজেপি। তাদের এই উদ্যোগকে অবশ্য ‘সঙ্কীর্ণ রাজনীতি’ হিসেবেই বিঁধেছে তৃণমূল।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, বাংলায় বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ থাকলেও কখনও তা এভাবে প্রকট হয়নি। ছাব্বিশের ভোটের আগে বিধানসভায় হিন্দু হিন্দু বলে গলা ফাটানোর নজিরও বোধহয় নেই।
তবে এমন কী হল যে ছাব্বিশের ভোটের আগে হঠাৎ করে বিজেপির এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি প্রকট হয়ে উঠল! আসলে, এই কড়া পাকের হিন্দুত্বের রাজনীতি কৌশলগতভাবেই করছেন শুভেন্দুরা। অনেকের মতে, বিধানসভা ভোট পর্যন্ত এই শঠে শাঠ্যং চলবে।
কারণ, শুভেন্দুরা বুঝে গিয়েছেন, হিন্দু ভোটের আরও মেরুকরণ না ঘটলে তাঁরা ৪০ শতাংশ ভোটের বেড়া টপকাতে পারবেন না। আবার তৃণমূলের ভোট ব্যাঙ্ক সমৃদ্ধ রয়েছে সংখ্যালঘু ভোটে। সুতরাং দুই শিবিরের কৌশল ও স্বার্থ এখানে জলের মতই স্বচ্ছ।
তবে এসবের মাঝেই এসবের মাঝেও প্রশ্ন থেকে যাচ্ছে, বিজেপির এই যে নাটকীয়তা, হিন্দু স্লোগানের মোড়কে সরকার প্রতিষ্ঠান বিরোধিতার বিষয়আশয়গুলো আদৌ দেখা যাচ্ছে নাকি হারিয়ে যাচ্ছে? বিজেপির চাল বুঝে মমতা বন্দ্যোপাধ্যায় মাত দেওয়ার কৌশল খুঁজে ফেলছেন না তো? প্রশ্ন কিন্তু উঠছে সেখানেও।
সবমিলিয়ে ছাব্বিশের আগে এক বেনজির সংঘাতের সাক্ষী থাকছে বাংলা, যে বেনজির সংঘাত হয়তো আগে দেখেনি বাংলা।


More Stories
প্রয়াত মমতা সঙ্গী মন্ত্রী উজ্জ্বল
চক্ষু চিকিৎসার পরে আবার কারাগারে ইমরান
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়