Home » হিন্দমোটরকে ঘিরে আশার আলো, মেট্রো ও বন্দে ভারত এক্সপ্রেসের কোচ তৈরি হবে

হিন্দমোটরকে ঘিরে আশার আলো, মেট্রো ও বন্দে ভারত এক্সপ্রেসের কোচ তৈরি হবে

সময় কলকাতা ডেস্ক:- মেট্রো রেল ও বন্দে ভারত এক্সপ্রেসের কোচ তৈরির জন্য হুগলির হিন্দমোটর কারখানার প্রায় ৪০ একর জমি টিটাগড় রেল সিস্টেম লিমিটেডকে (টিটাগড় ওয়াগন) দেওয়ার সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছে।

এবার তাতে সরকারি সিলমোহর পড়ল। সূত্রের খবর, হুগলি জেলার উত্তরপাড়ার কোতরং ও ভদ্রকালী মৌজায় হিন্দুস্তান মোটর কারখানার অব্যবহৃত জমিতে এই ওয়াগন তৈরির কারখানা গড়ে উঠবে। ৯৯ বছরের লিজের ভিত্তিতে এই জমি তুলে দেওয়া হচ্ছে বেসরকারি সংস্থাটিকে। এই প্রকল্পে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে তারা। রেলের কোচ তৈরি ছাড়াও ট্রেনের ফার্মিং, টেস্টিং, কমিশনিংয়ের জন্য আলাদা আলাদা ইউনিট থাকবে।

২০২২ সালে হিন্দুস্তা‍ন মোটরের জমি অধিগ্রহণ করে রাজ্য সরকার। তা থেকেই প্রায় ৪০ একর জমি টিটাগড় ওয়াগনকে লিজ দিচ্ছে রাজ্য ভূমি দপ্তর। এ দিন সেই জমির দখল নেয় টিটাগড় ওয়াগন কর্তৃপক্ষ। সেখানে নতুন করে পুলিশ মোতায়েন করা হয়েছে। বেসরকারি নিরাপত্তারক্ষীও নিয়োগ করা হয়েছে। এতে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন এলাকার মানুষ।

বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন, ‘হিন্দুস্তান মোটরের প্রায় ২৫০ শ্রমিক এখনও পিএফ–গ্র্যাচুইটি পায়নি। তাঁদের কথা ভাবেনি সরকার। এর জন্য দলীয় ফান্ডে মোটা টাকা অনুদান পেয়েছে তৃণমূল’। সিপিএম নেতা আভাস গোস্বামী বলেন, শিল্পের জমিতে শিল্প চাই। যাঁরা কোম্পানিতে পে রোলে আছেন, তাঁদের কাজের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে।’

এক সময় হিন্দুস্তান মোটর কারখানায় অ্যাম্বাসাডর, ট্রেকার, বেডফোর্ড, কন্টেসার এবং ছোট বাস তৈরি হতো। ফরাসি বহুজাতিক সংস্থা প্যাজিয়োর হাতে অ্যাম্বাসাডরকে বিক্রি করে দেওয়ার পর থেকেই কারখানার অবনতি ঘটতে থাকে।

২০১৪ সালে পুরোপুরি তালা পড়ে যায় হিন্দুস্থান মোটর কারখানায়। অ্যাম্বাসাডর গাড়ি উৎপাদন বন্ধ হয়ে গেলেও পরবর্তীতে কারখানার একটা অংশে টিটাগড় ওয়াগন কোম্পানি রেলের কোচ তৈরির কাজ শুরু করে।

সম্প্রতি এই কোম্পানি মেট্টো রেল এবং ইএমইউ ট্রেনের এসি কোচ তৈরির বরাত পায়। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ১১ হাজার ২০০ কোটি টাকা। এর জন্য কারখানা সম্প্রসারণের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু তার জন্য আশপাশে জমি পাওয়া যাচ্ছিল না।

About Post Author