Home » লন্ডনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বৃহস্পতিতেই ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি!

লন্ডনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বৃহস্পতিতেই ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি!

সময় কলকাতা ডেস্ক:- ২ দিনের সফরে ব্রিটেনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাক্ষাৎ করবেন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। বৈঠকে বসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে। এই সফরেই দু’দেশের মধ্যেই স্বাক্ষর হবে বহু প্রতীক্ষীত মুক্ত বাণিজ্য চুক্তি। পাশাপাশি খলিস্তানি চরমপন্থা নিয়েও বার্তা দিতে পারেন মোদি। বুধবার লন্ডনে পা রাখেন মোদি। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এটি প্রধানমন্ত্রী মোদির চতুর্থ ব্রিটেন সফর।

এর আগে তিনি ২০১৫, ২০১৮ এবং ২০২১ সালে ব্রিটেন এসেছিলেন। এবারের সফর নিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভারত-ব্রিটেন সম্পর্কের নতুন অধ্যায় শুরু হল। কৌশলগত দিক দিয়ে এই সফর খুবই গুরুত্বপূর্ণ। এদিকে, রাজার দেশে পৌঁছে উচ্ছ্বসিত মোদিও।

তিনিও এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এই সফর দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। দু’দেশের জনগণের সমৃদ্ধি, প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি বৃদ্ধির উপর জোর দেওয়া হবে। বিশ্বব্যাপী অগ্রগতির জন্য ভারত-ব্রিটেনের মজবুত বন্ধুত্ব অপরিহার্য। লন্ডনে পৌঁছে মোদি দেখা করেন ব্রিটেনের প্রবাসী ভারতীয়দের সঙ্গে। তাঁকে সামনে থেকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সকলে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোদি বৈঠক করবেন স্টারমারের সঙ্গে। দুই প্রধানমন্ত্রীর আলোচনার পরই হবে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি। যা নিয়ে সাড়ে ৬টার সময়ে সাংবাদিক সম্মেলন করবেন বিদেশসচিব বিক্রম মিশ্রি। এরপর রাত ৯টা নাগাদ মোদি দেখা করবেন চার্লসের সঙ্গে। বহু বছর ধরেই মূলত তিনটি বিষয় নিয়ে দুই দেশের মধ্যে দর কষাকষি চলছিল। ২০২১ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসনের আমলে নতুন করে দু’দেশের মধ্যে এই চুক্তি আলোচনা শুরু হয়।

তারপর লিজ ট্রাসের জমানাতেও জট খোলার কোনও সম্ভাবনা দেখা যায়নি। এরপর ২০২২ সালে ব্রিটেনের ক্ষমতায় আসেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। ফের নতুন করে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ২০২৩ সালে দিল্লি অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগ দিতে এনিয়ে তিনি মোদির সঙ্গে বৈঠকে বসেন। যা ফলপ্রসুও হয়েছিল।

তারপর এই চুক্তি নিয়ে আলোচনা চলছিল দুদেশের মধ্যে। কিন্তু এর মাঝেই ব্রিটেনে সরকার গড়ে স্টার্মারের লেবার পার্টি। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে স্টার্মারের বিদেশনীতির প্রধান বিষয় ছিল মুক্ত বাণিজ্য চুক্তি। যার পথ প্রশস্ত করার পাশাপাশি শিক্ষা, প্রযুক্তি, নিরাপত্তা-সহ নানা ক্ষেত্রে দিল্লির সঙ্গে একযোগে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। এবার স্টার্মারের জমানাতেই জট কাটল বহু প্রতীক্ষিত এই চুক্তির।

About Post Author