Home » দুষ্কৃতীদের এলোপাথাড়ি কোপ! বাদ গেছিল হাতের অংশ! বাঁচানো গেল না কোন্নগরের তৃণমূল নেতাকে

দুষ্কৃতীদের এলোপাথাড়ি কোপ! বাদ গেছিল হাতের অংশ! বাঁচানো গেল না কোন্নগরের তৃণমূল নেতাকে

সময় কলকাতা ডেস্ক:- ২০ দিনের মাথায় ফের তৃণমূল নেতা খুন রাজ্যে। ঠিক যেন সিনেমার চিত্রনাট্য। ভরসন্ধেয় প্রকাশ্যে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্রের কোপ। এই ঘটনায় কোন্নগর কানাইপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর জখম ওই তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

জানা গিয়েছে, বুধবার অফিস থেকে বাড়ি ফেরার পথে তাঁর উপর ধারাল অস্ত্র নিয়ে একের পর এক আঘাত চালায় একদল দুষ্কৃতী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামলার সময় মুন্না একাই ছিলেন। কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে আচমকাই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে আততায়ীরা। হামলায় তৃণমূলের নেতা হাতের অংশ কবজি থেকে বাদ হয়ে গিয়েছিল।

এছাড়া ঘাড়ে, গলায়, বুকেও ছিল ক্ষতের চিহ্ন। ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কানাইপুরে দীর্ঘদিন ধরেই প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন মুন্না। পঞ্চায়েতেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

এক সময়কার তৃণমূল নেতা ও প্রাক্তন প্রধান আচ্ছেলাল যাদবের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন তিনি। যদিও সাম্প্রতিক সময়ে তাঁদের সম্পর্ক কিছুটা শিথিল হয়েছিল বলে স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ, এলাকার অন্যান্য তৃণমূল নেতা এবং পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

ঘটনাস্থলটি যে রাস্তার পাশে, সেটিই পরিবহণমন্ত্রীর নিয়মিত যাতায়াতের পথ বলে জানা গিয়েছে। ফলে নিরাপত্তা নিয়েও উঠছে বড় প্রশ্ন। আলো কম থাকা ওই রাস্তায় ঢিল ছোড়ার দূরত্বেই একটি মদের দোকান রয়েছে বলেও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

তবে, কে বা কারা এই খুনের পেছনে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত শত্রুতা না কি দলীয় কোন্দল, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি উঠেছে তৃণমূল নেতৃত্বের তরফে।

About Post Author