মঙ্গলবার এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। মুম্বইয়ে বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও প্রধান নির্বাচক অজিত আগরকর ভারতীয় দল ঘোষণা করেন । ১৫ জনের দলের পাশাপাশি পাঁচ ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। তাঁরা হলেন, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল।
ভারতের পেস বিভাগকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ। টি২০ বিশ্বকাপের পর ভারতের ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ফিরলেন তিনি। দু’জন পেসার অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য ও শিবম দুবের পাশাপাশি এক জন স্পিনার অলরাউন্ডার অক্ষরকে নেওয়া হয়েছে। এই তিন জনই প্রথম একাদশে খেলবেন। সে ক্ষেত্রে বিশেষজ্ঞ স্পিনার হিসাবে বরুণ চক্রবর্তী ও বিশেষজ্ঞ পেসার হিসাবে জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিংহের খেলার সম্ভাবনা বেশি।
গিলকে কেন নেওয়া হয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন অজিত আগরকর। তিনি বলেন, “ও আমাদের সব প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। গিল টি২০ দলে নিয়মিত ছিল। কিন্তু মাঝে টেস্টের দিকে মন দিতে গিয়ে কয়েকটা সিরিজ খেলেনি। ওকে আবার ফেরানো হয়েছে।”
যশস্বী বা শ্রেয়স আইয়ার কেন বাদ পড়লেন? আগরকরের উত্তর, “যশস্বীর বিষয়টা দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা দেখেছি অভিষেক শর্মা কীরকম খেলেছে। তাছাড়া ও বল করতে পারে। যেটা অধিনায়ককে অনেক সাহায্য করে। শ্রেয়সের ক্ষেত্রেও বলতে পারি, এই বাদ পড়ায় ওর কোনও দোষ নেই। কিন্তু আমরা মাত্র ১৫ জনকেই খেলাতে পারব।”
এশিয়া কাপের ঘোষিত দল-সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক) সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা, রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া, জিতেশ শর্মা, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, হর্ষিত রানা, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের