Home » ভোট-পরবর্তী হিংসা মামলা নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট

ভোট-পরবর্তী হিংসা মামলা নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট

সময় কলকাতা ডেস্কঃ  ভোট-পরবর্তী হিংসা মামলা নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। অবিলম্বে ঘরছাড়া ও আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্যকে ।এই মর্মে রাজ্যকে কড়া নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। পাশাপাশি বিচারপতির আরও নির্দেশ, যে সকল দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তা যথাযথভাবে খতিয়ে দেখতে হবে। প্রসঙ্গত ২০১৮ পঞ্চায়েত নির্বাচনের পর বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল শাসক দলের কর্মীদের হাতে নিগৃহীত হচ্ছেন বিজেপি কর্মীরা, সন্ত্রাসের ভয়ে বহু  কর্মী ঘরছাড়া। বহু বিজেপি কর্মী কে তার নিজ এলাকায় ফিরতে হয়েছে তৃণমূল কংগ্রেসের যোগ দেবার প্রতিশ্রুতি দিয়ে। ২০২১ এর বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়েও অর্থাৎ মে মাসের ২ তারিখে নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হয় রাজ্যের একাধিক জায়গায় আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা। পাশাপাশি বিজেপির বহু কর্মী ঘরছাড়া। শাসকদলের সন্ত্রাসের অভিযোগ তুলে রাজ্যের একাধিক জায়গায় আন্দোলনে নামেন বিজেপি কর্মী এবং নেতৃত্ব। এই সমস্ত অভিযোগ নিয়ে বিজেপি নেতৃত্ব হাইকোর্টের শরণাপন্ন হন। মামলা করা হয় সন্ত্রাসের অভিযোগ তুলে। কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এই মামলার পক্ষ নিয়ে হাইকোর্টে তীব্র সওয়াল তোলেন। পরবর্তী সময়ে সিবিআই তদন্তের ভার নেয়। রাজ্যে তদন্তে আসেন NHRC র তদন্তকারী দল। তৎকালীন সময়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে NHRCর এই তদন্তকারী দলে সক্রিয়ভাবে বিজেপি করেন এমন কয়েকজনের অস্তিত্ব রয়েছে। পাশাপাশি NHRC র রিপোর্টে রাজ্যের বহু মন্ত্রীর নাম থাকায় প্রশ্ন তোলে শাসক দল। পরমা আইল্যান্ড এর কাছে একটি জায়গায় প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এর নেতৃত্বে ঘর ছাড়া লিখিতভাবে অভিযোগ জানায়। এদিন বিজেপির করা সেই মামলাতেই হাইকোর্ট রাজ্যের ডিজি ও আইজিকে নির্দেশ দিয়েছেন ঘরছাড়া ও আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল আদালতের কাছে জানিয়েছেন এই মুহূর্তেও তিনশ’র বেশি মানুষ ঘরছাড়া রয়েছেন। এবং সেই ঘরছাড়াদের তালিকা আদালতে জমা দিতে তিনি প্রস্তুত। সমস্ত সওয়াল-জবাব শোনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছেন এই ঘরছাড়া তিনশ’র বেশি মানুষের তালিকা রাজ্যের হাতে তুলে দিতে এবং সেই তালিকা পাওয়ার পর ঘরছাড়া মানুষদের ঘরে ফেরাতে হবে এই মর্মে ডিজি ও আইজিকে বিচারপতি নির্দেশ দিয়েছেন। এবং এই নির্দেশ কতটা কার্যকর হলো তার বিস্তারিত রিপোর্ট হাইকোর্টে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। প্রসঙ্গত ভোট-পরবর্তী সন্ত্রাস নিয়ে একদা সোচ্চার হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপালের এই সোচ্চার হওয়া নিয়ে শাসক দলের সঙ্গে রাজ্যপালের সম্পর্কের অনেকটাই অবনতি হয়েছিল সেই সময়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও লাগাতারভাবে ভোট-পরবর্তী সন্ত্রাসে সোচ্চার হয়েছিলেন। যদিও অনেক ক্ষেত্রে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ঘরছাড়াদের নিজের উদ্যোগে বাড়ি ফেরার ব্যবস্থা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও তার দলীয় নেতাকর্মীদের কড়া ভাষায় নির্দেশ দিয়েছিলেন ভোট-পরবর্তী সন্ত্রাস বন্ধের। তা সত্ত্বেও কলকাতা হাইকোর্টের এদিনের এই নির্দেশ অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

About Post Author