Home » আশাকর্মীকে মারধরের অভিযোগ হাসপাতালের আয়াদের বিরুদ্ধে

আশাকর্মীকে মারধরের অভিযোগ হাসপাতালের আয়াদের বিরুদ্ধে

সময় কলকাতা ডেস্ক: সরকারি হাসপাতালে প্রসূতিকে ভর্তি করতে এসে হেনস্থা ও মারধরের শিকার হলেন স্বাস্থ্য দপ্তরেরই এক কর্মী। হাসপাতালের প্রসূতি বিভাগে আয়াদের হাতে দাবি মতো টাকা না দেওয়ায় তাঁকে মারধর করা হয়। বৃহস্পতিবার রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা ভবনে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। এই ঘটনা আরও একবার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সরকারি হাসপাতালগুলিতে আয়াদের দাদাগিরির কাছে কতটা অসহায় সাধারণ রোগী ও তাঁদের আত্মীয়রা।

আক্রান্তের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকে মলিনা কিস্কু হাঁসদা নামে এক গর্ভবতী মহিলার প্রসব যন্ত্রনা ওঠে।১০ টা নাগাদ  ওই প্রসূতিকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে ভর্তি করাতে নিয়ে আসেন এলাকার আশা কর্মী মালা পাত্র। অভিযোগ, সেই সময় হাসপাতালে থাকা আয়াদের জুলুমবাজির মুখে পড়তে হয় ওই আশা কর্মীকে। আশাকর্মীর দাবি,  রোগী ভর্তি করতে মোটা অঙ্কের টাকা দাবি করে মাতৃমা বিভাগের আয়ারা। সেই টাকা দিতে রাজি না হওয়ায় বচসা শুরু হয়। অভিযোগ, ওই সময় আয়ারা  ওই আশাকর্মীকে ঘিরে বচসার মধ্যেই বেধড়ক মারধর করে।ওই ঘটনায় আয়াদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত আশাকর্মী।

হাসপাতালে ভর্তি থাকা অন্যান্য রোগীর আত্মীয় পরিজনদের দাবি, প্রত্যেকবারই রোগী ভর্তি করাতে এলে হাসপাতালের কর্তব্যরত আয়ারা মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা না দিলে মহিলাকে লেবার রুমে নিয়ে যাওয়া যাবে না বলে হুঁশিয়ারি দেয়। এদিন ওই আশাকর্মী আয়াদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাঁকে মারধর করা হয়।

রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতালে সরকারি পরিষেবা পেতে গিয়ে যদি আয়াদের জুলুমবাজির শিকার হতে হয় তাহলে এখানে এসে লাভ কি? গরিব মানুষরা এদের দাবি মেটানোর টাকা জোগাড় করবে কিভাবে প্রশ্ন রোগীর আত্মীয়দের। পাশাপাশি তাঁদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের একাংশের মদতেই দিনের পর দিন আয়ারা তাঁদের জুলুমবাজি চালিয়ে চাচ্ছে।অভিযুক্ত আয়াদের কঠোর শাস্তির দাবি তুলছেন ভুক্তভোগী রোগীর আত্মীয়রা।

About Post Author