Home » ইচ্ছা মত ড্রোন ওড়ানো নিষিদ্ধ করলো বনগাঁ পৌরসভা কেন ?

ইচ্ছা মত ড্রোন ওড়ানো নিষিদ্ধ করলো বনগাঁ পৌরসভা কেন ?

সময় কলকাতা ডেস্কঃ বনগাঁর পেট্রাপোল সীমান্তের কালিয়ানী এলাকা থেকে কয়েক দিন আগে একটি ড্রোন উদ্ধার হয়।আর তার পরেই নড়েচড়ে বসে বনগাঁ পুরসভা। শহরে ইচ্ছা মত যখন তখন ড্রোন ওড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করল বনগাঁ পুরসভা।সেই নির্দেশিকাতে বলা হয়েছে সীমান্ত শহর বনগাঁয় ড্রোন ওড়াতে গেলে আগাম অনুমতি নিতে হবে প্রশাসনের।বিয়ে সামাজিক অনুষ্ঠান সহ যে কোন অনুষ্ঠানে বনগাঁ শহরে ড্রোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে এই নিষেধাজ্ঞাতে। ড্রোন ওড়াবার নির্দেশিকা পুরসভার পক্ষ থেকে বুধবার প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। । সেই নির্দেশিকাতে বলা হয়েছে এখন থেকে বনগাঁ পৌরসভা এলাকায় যেকোনো বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে ড্রোন ব্যবহারে প্রশাসনের অনুমতি নেওয়া বাধ্যতা মূলক। এই নির্দেশিকাতে সরকারি অনুষ্ঠানে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে অবশ্য ছাড় দেওয়া হয়েছে ।পৌরসভার নির্দেশের কপি পুলিশ ও প্রশাসনের কাছে পাঠিয়েও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ। এ বিষয়ে চেয়ারম্যান গোপাল শেঠ বলেন “বনগাঁ শহর সীমান্তবর্তী এলাকায়। কয়েকদিন আগে পেট্রাপোলের কালিয়ানীতে একটি ড্রোন উদ্ধার হয়েছে । যথেচ্ছে শহরে উড়ছে ড্রোন”। এর ফলে ভারত বাংলাদেশ সীমান্তের এই শহরের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থেকেই যায়, দাবি পুরপ্রধানের।তিনি বলেন সেকারণে নিরাপত্তার স্বার্থে ড্রোনের ব্যবহার নিয়ন্ত্রণ করা হল। বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ বলেন দেশের পশ্চিম সীমান্ত রাজ্য পাঞ্জাবে ড্রোনের মাধ্যমে অস্ত্র পাচার হচ্ছে।একই ভাবে দেশের পূর্ব সীমান্ত পেট্রাপোলের কাছেও ড্রোন পাওয়া যাচ্ছে।এমনিতেই সীমান্তে চোরা চালানের ঘটনা প্রায়ই ঘটে ।তার উপর ড্রোন যদি অনিয়ন্ত্রিত ভাবে বনগাঁর মত শহরে উড়তে থাকে তাহলে বাড়বে সমস্যা।তাই তড়িঘড়ি পুরসভা ড্রোন ওড়াবার উপর বিধি নিষেধ আরোপ করল। দাবি পুর প্রধান গোপাল শেঠের।তার আরো দাবি শুধু বনগাঁ পুর এলাকা নয়।তাদের মত করে বনগাঁ মহাকুমা জুড়ে প্রশাসনের পক্ষ থেকে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট আইন প্রয়োগ করুক প্রশাসন।

About Post Author