সময় কলকাতা ডেস্কঃ আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভায় উপনির্বাচন। বিজেপির প্রার্থী হিসেবে ওই কেন্দ্রে লড়ছেন কেয়া ঘোষ। আর তাঁর প্রতিপক্ষ হিসেবে রয়েছেন তৃণমূলের বাবুল সুপ্রিয়। এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ সবপক্ষই। জোরকদমে প্রচার চালাচ্ছেন দু’পক্ষই। এই বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী কেয়া ঘোষ বালিগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরে ভোট প্রচার সারচ্ছেন।
বৃহস্পতিবার বালিগঞ্জের পদ্মপুকুরের বিজেপি প্রার্থী কেয়া ঘোষ সকাল সকাল দলীয় কর্মী সমর্থকেদের নিয়ে প্রচার করেন। জনসংযোগ করেন সকলের সঙ্গে। ছাতু গলি বস্তি সহ অন্যান্য বস্তি এলাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন কেয়া ঘোষ। সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আবেদন জানান প্রার্থী।
বিজেপি প্রার্থী কেয়া ঘোষ জেতার ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী। প্রচারের মাঝেই তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র গান ও ফুটবল খেলা নিয়ে কটাক্ষ করেন। এছাড়াও জিতলে ২৪ ঘন্টা সাধারণ মানুষের জন্য বিধায়কের অফিস খোলা রাখবেন বলেও প্রতিশ্রুতি দেন কেয়া ঘোষ।
প্রসঙ্গত, গত বছরের ৪ নভেম্বর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। তাঁর মৃত্যুতে ওই কেন্দ্রে উপনির্বাচন করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। অন্য দিকে, বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর আসানসোল কেন্দ্রের সাংসদ পদ থেকে ইস্তফা দেন । ফলে আসানসোল লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন করতে হচ্ছে কমিশনকে। ১২ এপ্রিল ভোট হবে এই দুই কেন্দ্রে। আর গণনা ১৬ এপ্রিল। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের গড় এবার কে ধরে রাখবে তার উত্তর পাওয়া যাবে ১৬ এপ্রিল।


More Stories
ডিমথেরাপিতে গ্রেফতার ২, কথা রাখলেন পথপ্রদর্শক কুণাল!
কার্যত ভুল স্বীকার করে নিলেন অভিষেক, সুর নরম কল্যাণের, অভিষেক – কল্যাণ বিবাদ মিটল!
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?