সময় কলকাতা ডেস্ক: মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতি করে সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে মালদার চাঁচলে গ্রেফতার কংগ্রেস ও সিপিআইএম এর দুই কর্মী। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে ৷ ধৃত দুই জনকে গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে চাঁচল থানার পুলিশ।জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে চাঁচলের কংগ্রেস কর্মী মোজাম্মেল হক ও সিপিএমের কর্মী শফিকুল আলম তারা তাদের ফেসবুক একাউন্টে এই ছবি পোস্ট করে।ওই পোস্টে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ। পোস্টটি প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়ায় তৃণমূল শিবিরে। এই নিয়ে মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সরব হন চাঁচল ১ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। অভিযোগ পাওয়ার পর সিপিআইএম ও কংগ্রেসের দুই কর্মীকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে অভিযোগকারী তথা মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বাবু সরকার বলেন, ‘গত দু’দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখতে পাচ্ছি। বিষয়টি আমাদের নজরে আসতে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।’ঘটনায় শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। চাঁচল ১ নং ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান বলেন,’ এটি মুখ্যমন্ত্রীর ছবি না। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে কার্টুন শেয়ার করা যাবে। এটি একটি কার্টুন। আমাদের কংগ্রেস নেতা মোজাম্মেল তার ফেসবুক একাউন্টে এটি শেয়ার করে। কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে।’

অন্যদিকে সিপিএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফেরদৌস বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে একটি ছবি। সেখানে কারো নির্দিষ্ট নাম নেই ,কারো ছবি নেই। পুলিশ ভেবে নিচ্ছে এটা মুখ্যমন্ত্রীর ছবি। পুলিশ হচ্ছে তৃণমূলের দলদাস তাই এ ধরনের কান্ড ঘটাচ্ছে। অবিলম্বে ওই দু’জন কর্মীকে ছাড়তে হবে না হলে বৃহত্তর আন্দোলনে শামিল হবো আমরা।’ঘটনায়, মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মোঃ সামিউল ইসলাম বলেন, এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। এখন কংগ্রেস আর সিপিএম এর কিছু করার ক্ষমতা নেই তাই এই ধরনের পথ বেছে নিচ্ছে।’ আজ ধৃত দুজনকে গ্রেপ্তার করে চাঁচল মহকুমা আদালতে পেশ করে মালদহের চাঁচল থানার পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?