সময় কলকাতা ডেস্ক: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে এবার এসডিপিও সুব্রত দেবকে তলব করল সিবিআই। শনিবারই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এছাড়াও, ঝালদা থানার ক্লোজ হওয়া পাঁচ পুলিশকর্মী-সহ ঘটনার দিন থানায় যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের সকলের বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, তপন কান্দু হত্যা মামলায় চারজন দীপক কান্দু, কলেবর সিং, নরেন কান্দু এবং আসিক খানকে গ্রেপ্তার করেছিল সিট। এদিন ধৃত ওই চারজনকে নিজেদের হেফাজতে নিল সিবিআই। পাশাপাশি, নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ও তাঁর ভাইপো মিঠুন কান্দুর মোবাইল ফোন দুটি পুলিশের কাছ থেকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। বাজেয়াপ্ত ফোন দুটির ফরেন্সিক পরীক্ষা করা হবে বলে সিবিআই সূত্রে খবর। খতিয়ে দেখা হবে সমস্ত ফোন কলের রেকর্ডও।
এই খুনের ঘটনায় আইসি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। আর তারপর তত্পর হয়েছে সিবিআই। বৃহস্পতিবারই ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে তলব করা হয়েছিল। আজ তলব করা হল এসডিপিও সুব্রত দেবকে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, তদন্তকারী একটি দল এই খুনের ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করবে। এখনো পর্যন্ত ঘটনার সম্পূর্ণ সিসিটিভি হাতে পায়নি সিবিআই। তদন্তে অগ্রগতি আনতে ঘটনাস্থলে যাবে কেন্দ্রীয় তদন্তকারী দল। আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন নিহতের স্ত্রী পূর্ণিমা কান্দু। পূর্ণিমা দেবীর অভিযোগ অনুযায়ী এই খুনের ঘটনায় বেশ ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!