Home » হরিদেবপুরে অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৪

হরিদেবপুরে অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৪

সময় কলকাতা ডেস্কঃ হরিদেবপুরে অটো থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৪। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে প্রথমে ৪ জনকে আটক করে পুলিশ।পরে তাদের জিজ্ঞাসাবাদ করে  স্বপন মিত্র, ভৈরব বোস,বাবলু দলুই, অজিত দাস নামে ৪ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতদের রবিবার আদালতে তুলে নিজেদের হেফাজতে নিচ্ছে পুলিশ।এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং ধৃতরা কি কারণে বোমাগুলো এখানে রেখেছিল বা পাচার করছিল কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।

শনিবার, খাস কলকাতার হরিদেবপুরে একটি অটো থেকে ১৯টি তাজা বোমা! একটি আগ্নেয়াস্ত্র এবং ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ৪ দিন ধরে ওই অটোতেই ছিল এই বিপুল পরিমাণ বোমা! আগ্নেয়াস্ত্র। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ১৮ এপ্রিল ভোর তিনটে পঁয়ত্রিশে, বাইকে করে ঘটনাস্থলে আসে সন্দেহভাজন দুই যুবক। একটি ব্যাগ নিয়ে তারা অটোর দিকে এগোতে থাকে। তাদের মধ্যে বাইক চালাচ্ছিল স্বপন মিত্র এবং পেছনে বসেছিল বাবলু। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে প্রথমেই দুজনকে গ্রেপ্তার করে পরবর্তীকালে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরো দুজনকে গ্রেপ্তার করে ।

হরিদেবপুর ৪১ পল্লি ক্লাবের ঠিক উল্টোদিকে গ্যারাজের মধ্যে রাখা একটি অটো থেকেই এই বোমা-অস্ত্রগুলি উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্যারাজটি একটি ঋণ আদায়কারী সংস্থাকে ভাড়া দেওয়া হয়। কিস্তি শোধ করতে না পারায় অটোটিকে গ্যারাজে তুলে আনে ওই সংস্থা। তদন্তে নেমে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ।তাতেই বোমা উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের সন্ধান মেলে।

 

 

About Post Author