সময় কলকাতা ডেস্কঃ গরমের দাবদাহে কাহিল হয়ে পড়েছে সাধারণ মানুষ। গরমের ভ্রূকুটি থেকে বাদ যাচ্ছেনা বন্য জন্তু থেকে পাখিরাও।তেমনই গরমের জেরে চিড়িয়াখানার পশু পাখিদেরও তথৈবচ অবস্থা। গরমে তারাও এখন কাহিল হয়ে পড়েছে। আর তাদেরকে সুস্থ রাখার লক্ষ্যে তৎপরতা বেড়েছে চিড়িয়াখানার কর্মীদেরও। এতোটুকু খামতি রাখতে চাইছে না আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
প্রতিটি পশুপাখির খাঁচাতে লাগানো হয়েছে সিসিটিভি। এর মাধ্যমে তাদের গরমের কাহিল হয়ে পড়ার অবস্থা থেকে শুরু করে শারীরিক অবস্থা কেমন, কেউ অসুস্থ হয়ে পড়ছে কিনা ঠিকমতো খাবার খাচ্ছে কিনা প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে নজরে রাখা হয়েছে।
পাশাপাশি গরমে কাহিল হয়ে পড়া পশুপাখিদের জল স্প্রে করে স্নান করানোর ব্যবস্থা করা হচ্ছে, যাতে গরমে লু লেগে না যায়। বাঘ-সিংহ রাও এখন খাঁচার সংলগ্ন জলে নেমে ঘনঘন গা ভিজিয়ে নিচ্ছে।
জিরাফের খাঁচার কাছেও জলের ব্যবস্থা রাখা হয়েছে। হাতিকেও গরম থেকে রক্ষা করতে জল স্প্রে করে ঠান্ডা রাখার ব্যবস্থা করা হয়েছে। পাখিদের জন্যও পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখা হয়েছে।সর্বোপরি আলিপুর চিড়িয়াখানায় এখন অতিথিদের প্রখর দাবদাহ থেকে বাঁচাতে কর্মীদের রাতের ঘুম ছুটেছে।


More Stories
শিলিগুড়ির বিশ্ববাংলা লোগো ভাঙা পড়ল
শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার, সঙ্গে বিদেশ -বীনা, কী বললেন সাংসদ ?
পুলিশের জালে পলাতক ও অপসারিত বিডিও প্রশান্ত বর্মন