Home » শান্তিপুরে যুবকের মৃত্যু ঘিরে দানা বাধছে রহস্য, খুন না আত্মহত্যা ?

শান্তিপুরে যুবকের মৃত্যু ঘিরে দানা বাধছে রহস্য, খুন না আত্মহত্যা ?

সময় কলকাতা ডেস্কঃ ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্যের দানা বাঁধছে নদীয়ার শান্তিপুরে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। একইসঙ্গে শোকস্তব্ধ গোটা এলাকা। মৃত যুবকের নাম সঙ্গম মজুমদার।

জানা গিয়েছে,একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন মৃত যুবক।সোমবার রাতে সে দোতালার একটি ঘরে বসে টিভিতে আইপিএল খেলা দেখছিল।এরপর রাত এগারোটা ত্রিশ নাগাদ ওই যুবকের মা রাতের খাবার খাওয়ার জন্য ওই যুবককে ডাকতে গেলে দেখেন ঘরের দরজা খোলা। ঘরের ভেতরে গিয়ে তিনি দেখেন ওই যুবক ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে।এই ঘটনা প্রকাশ্যে আসতেই পরিবারের অন্যান্য সদস্য সহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।স্থানীয়দের তরফে খবর পৌঁছায় শান্তিপুর থানায়।খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে ওই যুবককে উদ্ধার করে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মঙ্গলবার শান্তিপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।পাশাপাশি মৃত যুবক মাঝেমধ্যেই আইপিএল খেলায় বাজি ধরতো বলেই পরিবারের কাছ থেকে জানা গিয়েছে।যদিও এদিন রাতে ঠিক কি কারণে ওই যুবক আত্মঘাতী হয়েছে তা এখনো স্পষ্ট নয়।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি ঘটনার নেপথ্যে আর কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

About Post Author