Home » দাবদাহ শেষে অবশেষে স্বস্তির বৃষ্টি

দাবদাহ শেষে অবশেষে স্বস্তির বৃষ্টি

সময় কলকাতা ডেস্কঃ তীব্র দাবদাহ শেষে অবশেষে স্বস্তির বৃষ্টি। শীতল হল শহর থেকে গ্রাম। ভিজলো শহর কলকাতা। অবসান হলো তীব্র দহন জ্বালার। আজ মঙ্গলবার সারাদিন চলবে বৃষ্টি। পুবালি বাতাসের কারনে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়াতেই এই বৃষ্টি। কখনো ঝমঝমিয়ে কখনো বা ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজবে শহর। ফলে অনেকটাই কমেছে রাজ্যের তাপমাত্রা।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী ৩ দিন রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা । মঙ্গলবার, মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টির সম্ভাবনা  দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায়। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। বৃষ্টির সঙ্গে সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবে ঝোড়ো হাওয়া।

মঙ্গলবার, উত্তরবঙ্গে চলবে বৃষ্টি। আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলা ছাড়া বাকি জেলাগুলিতে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি এবং ঝোড়ো বাতাসও।

পাশাপাশি, বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায়। এরপরও আগামী বেশ কয়েকদিন লাগাতার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ফলে নামবে সর্বোচ্চ তাপমাত্রা। এদিকে, ঝড় বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর । বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের কারণে ফসলের ক্ষতির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঝড় বৃষ্টি চলাকালীন নিরাপদ স্থানে আশ্রয় নিতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

 

About Post Author