অমলেন্দু মন্ডল, বীরভূম,সময় কলকাতা: এ যেন এক অনন্য নজির! আনুমানিক চার লক্ষ টাকার পেয়েও ফেরত দিলেন এক মুসলিম দম্পতি। প্রায় এক মাস আগের ঘটনা।
রামপুরহাট থানার পাকুড়িয়া গ্রামের এক চাল ব্যবসায়ী বরকত আলী ও তার স্ত্রী জহিরুন্নেসা বিবির কাছে রেশনে পাওয়া চাল বিক্রি করেন পাশের গ্রাম হরিহুকার বাসিন্দা কুমুদ রঞ্জন মন্ডল। সে সময় কুমুদবাবুর স্ত্রী অপর্না মন্ডল বাড়ি ছিলেন না। অপর্নাদেবী বাপের বাড়ি যাওয়ার আগে তার সমস্ত গয়না মজুদ করা চালের ড্রামের মধ্যে লুকিয়ে রেখে যান। এই কথা তিনি তার স্বামীকেও জানান। কিন্তু সে কথা খেয়াল না থাকায় গয়না সহ সেই চাল ওই ব্যবসাদারকে বিক্রি করে দেন অপর্ণা দেবীর স্বামী।
বৃহস্পতিবার অপর্না দেবী বাড়ি ফিরে আসেন। চালের ড্রামে চাল নেই দেখে অবাক হয়ে যান তিনি। চাল কোথায়? এই কথা স্বামীর কাছে জানতে চাইলে কুমুদবাবু অকপটে জানান, ‘চাল তো বিক্রি করে দিয়েছি।’ গয়না না দেখেই স্বামী চাল বিক্রি করে দিয়েছেন শুনেই কান্নাকাটি শুরু করেন অপর্না দেবী। সঙ্গে সঙ্গে পাশের গ্রামে চাল ব্যবসায়ীর কাছে যান তারা।
তাদের আশ্বস্ত করে চাল ব্যবসায়ী বরকত আলী জানান, গয়না তাদের কাছে গচ্ছিত রয়েছে, তার স্ত্রী জহিরুন্নেসা বাড়ি ফিরলেই গয়না তারা পেয়ে যাবেন। সেই মতো শুক্রবার সকাল হতেই ওই চাল ব্যবসায়ীর বাড়িতে যান অপর্ণা দেবী ও তার স্বামী। সেখানে তাদের সমস্ত গয়না ফেরত দিয়ে দেন ওই ব্যবসায়ী দম্পতি। বরকতবাবুর স্ত্রী জহিরুন্নেসা বিবি তাদের হাতে গহনা ফেরত দিয়ে বলেন,যে দিন থেকে গহনা পেয়েছি সেদিন থেকেই আল্লাহর কাছে প্রার্থনা করছি, যার গহনা সে যেন ফেরত পায়, অন্যের জিনিসে কোন লোভ নেই। তাদের এই সততায় আপ্লুত অপর্না দেবী ও কুমুদবাবু।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান