Home » ফের হাসপাতালে অনুব্রত

ফের হাসপাতালে অনুব্রত

সময় কলকাতা ডেস্কঃ ফের অসুস্থ হয়ে হাসপাতালে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবার রাতে বুকে ব্যথা অনুভব করেন অনুব্রত। এরপরই চিকিৎসকদের পরামর্শ নিয়ে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, চিকিৎসকেরা অনুব্রতের শারীরিক অবস্থা খতিয়ে দেখছেন। কোনো ব্লকেজ রয়েছে কিনা তা শীঘ্রই পরীক্ষা করে দেখা হবে। পাশাপাশি তাঁর শরীরে অন্য কোনো সমস্যা রয়েছে কিনা তাঁর জন্যও নানা পরীক্ষা করা হবে।

উল্লেখ্য,ভোট পরবর্তী হিংসা মামলা ও গোরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রতকে একাধিকবার তলব করেছিল সি বি আই। কিন্তু তারপরেও সিবিআইয়ের মুখোমুখি হননি তৃণমূলের কেষ্ট। সম্প্রতি সিবিআই গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি । এরপর গত ৬ই এপ্রিল সিবিআইয়ের কাছে অনুব্রত মণ্ডলের গরুপাচার মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল। আর এদিনই শারীরিক অসুস্থতা নিয়ে এস এস কে এমে ভর্তি হন তিনি। টানা সতেরো দিন ভর্তি থেকে ২২ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরের দিনই সিবিআই তাঁকে ফের ষষ্ঠবার নোটিশ পাঠায়। কিন্তু স্বভাবসিদ্ধ ভাবেই তিনি হাজিরা দিতে যাননি সিবিআইয়ের কাছে। অভিযোগ,পরের দিন রবিবার অর্থাৎ ২৪ এপ্রিল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা ফের তাঁকে ডেকে পাঠালেও তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে যাননি। পরিবর্তে,তাঁর আইনজীবী গিয়ে লিখিত ভাবে সিবিআইকে জানিয়ে আসেন তাঁর শারীরিক অসুস্থতার কথা। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

জানা গিয়েছে,অনুব্রত মণ্ডলের নাগাল পেতে তৎপরতা বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বীরভূমের জেলা তৃণমূলের সভাপতির বিদেশ যাওয়া আটকাতে কিছুদিন আগে তাঁর পাসপোর্ট চেয়ে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও এব্যাপারে স্পষ্ট করে অনুব্রত জানান, তাঁর কোনো পাসপোর্ট নেই। অন্যদিকে অনুব্রতর শারীরিক অবস্থার পর্যালোচনার জন্য দিল্লিতে সিবিআই-এর সদর দপ্তরে বিশেষ বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন সিজিএইচএস ও এইমস-এর চিকিৎসকেরা।

About Post Author