Home » বোমা বিস্ফোরণে কিশোরের মৃত্যু নিয়ে প্রশ্নের মুখে পুলিশি তৎপরতা

বোমা বিস্ফোরণে কিশোরের মৃত্যু নিয়ে প্রশ্নের মুখে পুলিশি তৎপরতা

সময় কলকাতা ডেস্কঃফের বোমাতঙ্ক!বোমা বিস্ফোরণের জেরে মর্মান্তিক মৃত্যু সতেরো বছর বয়সী এক কিশোরের।উত্তর চব্বিশ পরগণা জেলার রহড়া থানার মধ্যপাড়া এলাকার ঘটনা। একই সঙ্গে ঘটনার পর থেকে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। মৃত কিশোরের নাম শেখ সাহিল।

জানা গিয়েছে , শনিবার রহড়া থানার পিছন দিকের মাঠে আবর্জনা পরিষ্কার করতে গিয়ে একটি কৌটো দেখতে পান শেখ সাহিলের দাদু। এরপর সেই কৌটো বালতি করে বাড়িতে নিয়ে আসেন তিনি। কৌটৌটি বাড়িতে আনার পরই খেলার ছলে ওই কিশোর বাড়ির সামনে ল্যাম্পপোস্ট ছুড়ে মারাতেই বিস্ফোরণ ঘটে। যার জেরে গুরুতর আহত হয় ওই কিশোর। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয়রা তড়িঘড়ি ওই কিশোরকে উদ্ধার করে প্রথমে ব্যারাকপুর বি এন বোস মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে রহড়া থানার পুলিশ এলাকায় পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে।

 

রহড়া থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে এরকম ধরনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

উল্লেখ্য , রাজ্যে বেআইনি আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক পদার্থ উদ্ধার করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তারপরই বেশ কিছুদিন ধরে চলে রাজ্যজুড়ে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের বিশেষ অভিযান। পুলিশ সক্রিয় হতেই রাজ্যের একাধিক জায়গা থেকে উদ্ধার হয় একের পর এক বিস্ফোরক পদার্থ ও আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র তৈরির কারখানা। এবার রহড়া থানার সন্নিকটেই কৌটো বোমা উদ্ধারকে ঘিরে ফের প্রশ্নের মুখে পুলিশি তৎপরতা।

About Post Author