সময় কলকাতা ডেস্কঃ উত্তর ২৪ পরগনার মাটিয়া থেকে নদিয়ার হাঁসখালি, জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলা – রাজ্যে প্রতিনিয়ত নজরে এসেছে নাবালিকা এবং মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ। বারবার প্রশ্নের মুখে দাঁড়িয়েছে প্রশাসনের ভূমিকা। অপরাধ যেন থামছেই না। ফের একবার নাবালিকাকে অপহরণের অভিযোগ। অভিযোগের তির প্রতিবেশীর দিকেই। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশচন্দ্রপুরের পিপলা সুখীরাম গ্রামের।

ঠিক কি ঘটেছিল ? জানা গিয়েছে, প্রায় আট দিন আগে শৌচকর্মের জন্য প্রতিবেশী যশোদা ঋষির সঙ্গে বাইরে যায় নাবালিকা। তারপর থেকেই নিখোঁজ নাবালিকা। নাবালিকা মায়ের অভিযোগ, প্রতিবেশী যশোদা ঋষি এবং তার স্বামী মথুর ঋষি নাবালিকাকে অপহরণ করে বিহারে পাচার করেছে। প্রশাসনের কাছে আর্জি একটাই, ফিরিয়ে দেওয়া হোক তাঁর মেয়েকে।

বিষয়টি নিয়ে হরিশচন্দ্রপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য দ্রোণাচার্য বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্থানীয় প্রশাসনকে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয় কুমার দাস। মেয়ের বাড়ি ফেরার আশায় দিন গুনছেন নাবালিকার মা।


More Stories
বিধায়ক শঙ্করের হাত ধরে বারাসাতে সৃজন, কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা
হেলমেট নেই, পুলিশের হাতে হোমগার্ডের জরিমানা
মিলেছে”প্রমাণ “, বারাসাত কলেজে গোপনে মদ্যপান ও যৌনশিক্ষার আসর চলার অভিযোগ