Home » “নেতারা দুরত্ব কমান,” কর্মী সভা থেকে আর কি বললেন নেত্রী?

“নেতারা দুরত্ব কমান,” কর্মী সভা থেকে আর কি বললেন নেত্রী?

মকবুল হোসেন,পশ্চিম মেদিনীপুর, সময় কলকাতাঃ  তৃণমূল নেত্রীর ঘোষিত কর্মসুচী অনুসারে বুধবার মেদিনীপুর কলেজ মাঠে জঙ্গলমহলের প্রথম বুথস্তরীয় কর্মী সভা হল পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ৷ বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ কলেজ মাঠে কর্মীসভাতে হাজির হন তিনি ৷ যেখানে জেলার বিভিন্ন প্রান্তের কুড়ি হাজারেরও বেশি কর্মী হাজির হয়েছিলেন ৷ কর্মীসভায় প্রায় আধঘন্টা বক্তব্য রাখেন মমতা বন্দোপাধ্যায় ৷ পরে সেখান থেকে হেলিকপ্টারে করে রওয়ানা দেন ঝাড়গ্রামের উদ্দেশ্যে ৷

এদিন সভামঞ্চের বক্তব্যে পুনরায় কেন্দ্রের বিভিন্ন বঞ্চনার ইস্যু নিয়ে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী ৷ বক্তব্যের শুরুতেই বলেন- ” সমুদ্রের ঢেউয়ের মতো পেট্রল ডিজেলের দাম বেড়ে চলেছে ৷ প্রতিনিয়ত ৷ জরুরী ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্র ৷ কেন্দ্রের সরকার মানুষ মারার সরকার ৷ দাম বাড়িয়ে দিয়েই দাঙ্গা বাঁধানোর ইস্যুকে সামনে তুলে আনছে ৷ একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে ৷ তাই তার বিরুদ্ধে কর্মীরা ব্লকে ব্লকে সরব হোন ৷ বিজেপি নেতারা এলেই ধরুন ৷ তাদের বলুন একশো দিনের কাজের প্রাপ্য টাকা দিন, তার পরে এলাকায় প্রবেশ করুন ৷ তবে কোনো হিংসায় যাবেন না ৷ ”

এরপর দলের কর্মীদের পঞ্চায়েত নির্বাচনী প্রচার নিয়ে নেতাদের নির্দেশ দেন নেত্রী ৷ জেলা তৃণমূলের নেতা অজিত মাইতিকে ডেকে নেত্রী বলেন- ” যতদিন পর্যন্ত না ব্লক স্তরে কমিটি তৈরী হচ্ছে ততদিন পর্যন্ত দলের সব নেতাকে ডেকে বৈঠক করে দুরত্ব মেটান ৷ মনে রাখতে হবে আমি নই, আমরা ৷ এই স্লোগান নিয়ে এগোতে হবে সবাইকে নিয়ে ৷ সকলকে সম্মান দিয়ে কাজ করুন, কথা বলুন ৷ যারা করবেনা তাদের সরিয়ে দেবো ৷ যারা মানুষের কাজ করবে দরকার হলে তাদের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করবো ৷ যারা মানুষের কাজে এগিয়ে আসবেনা তাদের বলবো দয়া করে অনেক করেছেন, ঘরে বসে যান ৷ মা বোন, ছাত্র, আদিবাসী ছেলেমেয়েদের, সংখ্যালঘুদের সামনে নিয়ে আসতে হবে ৷ এটা আমার জীবনের স্বপ্ন ৷ তৃণমূল কংগ্রেস আমার সৃষ্টি, আমি মনে করি আমার সৃষ্টি ব্যর্থ হবেনা ৷ আমরা সারা দেশকে পথ দেখাবো ৷ চলো দিল্লী চলো – স্লোগান তোলো ৷ ”

এদিন সভা থেকে মেদিনীপুর কলেজকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদায় উন্নীত করার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷পর্যটন কেন্দ্র গুলিকে আরও উন্নত করার কথা ঘোষণা করেছেন তিনি ৷ সেই সঙ্গে কর্মীদের উদ্দেশ্যে কাজ করার বার্তা দিয়ে আগামী ৯ আগষ্ট পুনরায় মেদিনীপুর শহরে উপস্থিত হবেন বলে জানিয়ে দেন কর্মিসভা থেকে ৷

About Post Author