Home » পার্থকে জিজ্ঞাসাবাদের মাঝেই এসএসসি-র চেয়ারম্যানের ইস্তফা

পার্থকে জিজ্ঞাসাবাদের মাঝেই এসএসসি-র চেয়ারম্যানের ইস্তফা

West Bengal Education Minister Partha Chatterjee. (File Photo: IANS)

সময় কলকাতা ডেস্কঃ  মিলল না রক্ষাকবচ। ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পদ্ধতিগত ত্রুটি থাকায় তাঁর করা মামলা ফিরিয়ে দিল ডিভিশন বেঞ্চ। ফলে সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো  বুধবারই সিবিআই দপ্তরে হাজিরা দিতে যান প্রাক্তন শিক্ষামন্ত্রী। নিজাম প্যলেসে সিবিআই দফতরে সন্ধ্যা ৬টার সময় যাওয়ার কথা ছিল। সেইমত তিনি পৌনে ৬টার মধ্যেই সেখানে পৌঁছে যান।তারপর থেকে প্রায় আড়াই ঘণ্টা  ধরে রাজ্যের মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ চলে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের তরফে। সন্ধ্যা ৬টার আগেই  সিবিআইয়ের ডাকে সেখানে পৌঁছন এসএসসি-র প্রাক্তন উপদেষ্টারা। জল্পনা শুরু হয়, তবে কি প্রাক্তন উপদেষ্টাদের সামনে বসিয়ে মুখোমুখি জেরা করা হবে মন্ত্রী পার্থকে?

অন্য দিকে, এদিন হাই কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা মামলাটির দ্রুত শেষ করার আর্জি জানান। কিন্তু এদিন ডিভিশন বেঞ্চ জানায়, আদালতের একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে  মামলা দায়ের হয়নি। সেই নিয়ম মেনে মামলা ফাইল করতে হবে। তবে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা চাইলে প্রধান বিচারপতির দ্বারস্থ হতে পারেন। একমাত্র তাঁর নির্দেশে নির্দিষ্ট কোনও বেঞ্চ জরুরিকালীন শুনানি করতে পারে বলে জানিয়ে দেয় ডিভিশন বেঞ্চ।

এদিকে এস এস সি-র নিয়োগ দুর্নীতির অভিযোগের মাঝেই এসএসসি-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সিদ্ধার্থ মজুমদার। এসএসসি-র দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ   চট্টোপাধ্যায়কে কলকাতা হাইকোর্টের নির্দেশ সিবিআই দফতরে হাজিরার নির্দেশের পরই সিদ্ধার্থ মজুমদার ইস্তফা দেন। বিরোধীদের ধারনা তাকে প্রশাসনের তরফেই ইস্তফার নির্দেশ দেওয়া হয়।সিদ্ধার্থ মজুমদার চলতি বছরের জানুয়ারি মাসে চেয়ারম্যানের দায়িত্বভার নেন। মাত্র চার মাসের মাথায় ইস্তফা দিলেন তিনি । এই সিদ্ধার্থকে জিজ্ঞাসাবাদ করেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ের বেআইনি নিয়োগ বিষয়ে জানতে পেরেছিল কলকাতা হাই কোর্ট। তারই ভিত্তিতে পরেশ অধিকারীকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান।

পাশাপাশি এসএসসি-র নতুন চেয়ারম্যান পদে আসছেন শুভ্র চক্রবর্তী। তিনি সমগ্র শিক্ষা মিশনের রাজ্য অধিকর্তা হচ্ছেন।

About Post Author