সময় কলকাতা ডেস্কঃ ভোট পরবর্তী হিংসার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তলব করা হয়েছিল বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। সুত্র মারফত জানা গিয়েছে সিবিআই এর হাজিরা ফের এড়িয়ে যাচ্ছেন তিনি। সোমবার অনুব্রত মণ্ডল নিজাম প্যালেসে হাজিরা দিতে যাবেন না বলেই জানিয়েছেন তাঁর আইনজীবী। এমনকি ২৭ মে, গরু পাচার মামলার হাজিরাও দেবেন না তিনি। অনুব্রতর আইনজীবী জানিয়েছেন, মঙ্গলবার কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে গিয়ে দরকারি নথিপত্র জমা দিয়ে আসবেন তিনি। আপাতত চিকিৎসকদের পরামর্শ মেনে বীরভূমে নিজের বাড়িতে বিশ্রামেই থাকবেন তৃণমূল নেতা।
সম্প্রতি, দীর্ঘদিন অসুস্থ থাকার পর, গরুপাচার মামলায় জিজ্ঞাসাবাদে স্বেচ্ছায় হাজিরা দেন অনুব্রত মণ্ডল। তারপরেই বীরভূমে ফিরে যান তিনি। এই মামলায় ফের ২৭ মে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। এসবের মাঝেই, এবার ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই তলব। পূর্বেও বেশ কয়েকবার ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই তলব করে অনুব্রত মণ্ডলকে। তবে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি।

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলা ও গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রতকে একাধিকবার তলব করেছিল সিবিআই। কিন্তু তারপরেও সিবিআইয়ের মুখোমুখি হননি তৃণমূলের কেষ্ট। সম্প্রতি সিবিআই গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। এরপর গত ৬ই এপ্রিল সিবিআইয়ের কাছে অনুব্রত মণ্ডলের গরুপাচার মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল। আর এদিনই শারীরিক অসুস্থতা নিয়ে এসএসকেএমে ভর্তি হন তিনি। টানা ১৭ দিন ভর্তি থেকে ২২ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরের দিনই সিবিআই তাঁকে ফের নোটিশ পাঠায়। কিন্তু স্বভাবসিদ্ধ ভাবেই তিনি হাজিরা দিতে যাননি সিবিআইয়ের কাছে। অভিযোগ, পরের দিন রবিবার অর্থাৎ ২৪ এপ্রিল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা ফের তাঁকে ডেকে পাঠালেও তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে যাননি। পরিবর্তে,তাঁর আইনজীবী গিয়ে লিখিত ভাবে সিবিআইকে জানিয়ে আসেন তাঁর শারীরিক অসুস্থতার কথা। এরপর গত ২৫ এপ্রিল অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন, যদি সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় সেক্ষেত্রে তিনি ২১ মের পর হাজিরা দিতে প্রস্তুত।
যদিও অনুব্রত মণ্ডলের নাগাল পেতে তৎপরতা বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বীরভূমের জেলা তৃণমূলের সভাপতির বিদেশ যাওয়া আটকাতে বেশ কিছুদিন আগে তাঁর পাসপোর্টও চেয়ে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও এব্যাপারে স্পষ্ট করে অনুব্রত জানান, তাঁর কোনো পাসপোর্ট নেই। অন্যদিকে অনুব্রতর শারীরিক অবস্থার পর্যালোচনার জন্য দিল্লিতে সিবিআই-এর সদর দপ্তরে বিশেষ বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন সিজিএইচএস ও এইমস-এর চিকিৎসকেরা।


More Stories
হালিশহর যাওয়ার পথে আক্রান্ত মমতা, বিক্ষোভ প্রদর্শন, গাড়িতে কাদা ও ঢিল
অজ্ঞাতবাস থেকে গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে
অসহায়,ভবঘুরে, মানসিক ভারসাম্যহীনদের ভালোবাসতে শেখাচ্ছে বীরপাড়ার পুলিশ