সময় কলকাতা ডেস্ক: শাসকদলের তিন নেতা, মন্ত্রীর সম্পত্তির হিসেব চাইল সিবিআই । মঙ্গলবার, পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী এবং অনুব্রত মণ্ডলের সম্পত্তির খতিয়ান চেয়ে আয়কর দপ্তরে চিঠি পাঠায় সিবিআই। এই তিন জনের নামে কোথায় কত সম্পত্তি রয়েছে, এমনকি সেই সম্পত্তির উৎস কি, সমস্ত যাবতীয় তথ্য জানাতে হবে সিবিআইকে।
শুধু তাই নয়, পার্থ, পরেশ ও অনুব্রতর আত্মীয়-স্বজনদের নামেও বেনামে কত সম্পত্তি রয়েছে, তারও হিসেব দিতে হবে, এই মর্মে আয়কর দপ্তরে চিঠি পাঠিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

গত পাঁচ বছরে এই তিন নেতার সম্পত্তির পরিমাণ কি হারে বৃদ্ধি পেয়েছে এবং কতটা বৃদ্ধি পেয়েছে আর সেই আয়ের উৎস হিসাবে কী দেখানো হয়েছে সমস্ত তথ্য দিতে হবে সিবিআইকে। সূত্র মারফত জানা গিয়েছে, আয়কর দফতর থেকে তথ্য এলে মন্ত্রীদের থেকেও নথি চাওয়া হবে। দু’তরফের নথি মিলিয়ে দেখে তবেই রিপোর্ট দেবে সিবিআই।
উল্লেখ্য এসএসসি দুর্নীতি নিয়োগ কাণ্ডে ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে জেরা করেছে সিবিআই। পাশাপাশি বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি সংক্রান্ত অভিযোগে তাকেও জেরা করেছে সিবিআই। অন্যদিকে, অনুব্রত মণ্ডলের নাম জড়িয়েছে গরু পাচার এবং ভোট-পরবর্তী হিংসা মামলায়। বেশ কয়েকবার হাজিরা এড়ানোর পর নিজেই সিবিআই দপ্তর হাজিরা দিয়েছেন অনুব্রত।


More Stories
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?