তনুজ জৈন, মালদহ, সময় কলকাতাঃ অনুমতি ছাড়াই ১০০ দিনের প্রকল্পের কাজ করার অভিযোগ। এমনকী, সেই কাজ সরকারি ওয়েবসাইটে আপলোডও করা হয়েছে। অভিযোগের তির পুরাতন মালদহের চারটি গ্রাম পঞ্চায়েতের দিকে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু তদন্ত। জানা গিয়েছে, পুরাতন মালদহের মঙ্গলবাড়ি, মুচিয়া, ভাবুক এবং মহিষবাথানি- তৃণমূল পরিচালিত এই চারটি গ্রাম পঞ্চায়েত ১০০ দিনের প্রকল্পের অধীনে ৩০২টি কাজ অনুমোদন ছাড়াই করেছে। জেলাশাসকের অভিযোগ, কোন ব্লকে কতগুলি প্রকল্প হয়েছে, তা খতিয়ে দেখতেই পুরাতন মালদহের এই বিষয়টি নজরে আসে। তার অভিযোগ, প্রকল্পগুলির অনুমোদন দেননি তিনি। এমনকী, জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই কাজগুলি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই জেলাশাসকের নির্দেশ অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জানিয়েছেন পুরাতন মালদহ ব্লকের বিডিও মহম্মদ ইরফান হাবিব।
এদিকে তোপ দাগতে ছাড়েনি বিজেপিও। বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ির অভিযোগ এই বিষয়টি নিয়ে প্রশাসনও যুক্ত রয়েছে।
অন্যদিকে, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, সরকারকে বদনাম করার জন্যই এই সব বলা হচ্ছে । তবে এই ঘটনায় জেলা প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে বলে জানান কৃষ্ণেন্দু।
প্রসঙ্গত মালদহে পঞ্চায়েত স্তরে দুর্নীতির অভিযোগ এই প্রথম নয়। এর আগেও একাধিকবার দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছে শাসকদল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। ঘটনাটি প্রকাশ্যে আসাতেই বেশ অস্বস্তিতে শাসকদলের নেতৃত্ব। ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।


More Stories
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
কার্যত ভুল স্বীকার করে নিলেন অভিষেক, সুর নরম কল্যাণের, অভিষেক – কল্যাণ বিবাদ মিটল!
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?