Home » মৃতের নামে ভুয়ো বিল বানিয়ে, টাকা আত্মসাৎ

মৃতের নামে ভুয়ো বিল বানিয়ে, টাকা আত্মসাৎ

সময় কলকাতা ডেস্কঃ মৃত রোগীর নামে ভুয়ো বিল বানিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল জলপাইগুড়ি সদর হাসপাতালে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে।
সূত্রের খবর ,জলপাইগুড়ির সদর হাসপাতালে ডায়ালিসিস ইউনিট রয়েছে। সেই ইউনিট পিপিপি মডেলে কলকাতার একটি সংস্থার দ্বারা পরিচালিত হয়। রোগী ও তাঁদের আত্মীয় পরিজনদের অভিযোগ, এই ডায়ালিসিস ইউনিটের কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে মৃত ব্যক্তিদের নামে ভুয়ো বিল বানিয়ে সেই টাকা আত্মসাৎ করছে।

একইসঙ্গে তারা আরও অভিযোগ জানান যে, ডায়ালিসিসের সময় ডিসপোজেবল ইউনিট রোগীদের জন্য পুনরায় ব্যবহার করা হচ্ছে। এতে রোগীদের সমস্যা হচ্ছে বলেও জানান তারা। এহেন পরিস্থিতিতে হাসপাতাল চত্বরে সাংবাদিক সম্মেলনও করেন রোগীর পরিজনেরা। তারপরই উঠে আসে এই ঘটনার একাধিক প্রমাণ।

প্রসঙ্গত, জলপাইগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন দলবাহাদুর বিশ্বকর্মা। পেশায় তিনি একজন পুলিশ আধিকারিক ছিলেন। জানা গিয়েছে,অবসর নেওয়ার পর তাঁর কিডনির অসুখ ধরা পড়ায় প্রায় ২ বছর ধরে জলপাইগুড়ি সদর হাসপাতালে ডায়ালিসিস করান তিনি। ২০২১-এর ২৩ জুন তারিখে মৃত্যুও হয় তাঁর। অভিযোগ, ২০২১-এর জুন মাসের পর থেকে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত মৃত দলবাহাদুর বিশ্বকর্মার নামে ভুয়ো বিল তৈরি হয় জলপাইগুড়ির সদর হাসপাতালে। কার্যত সেই কারণেই রীতিমতো চক্ষু চড়কগাছ দলবাহাদুর বিশ্বকর্মার পরিবারের সদস্যদের। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

যদিও বেসরকারি ডায়ালিসিস ইউনিট কর্তৃপক্ষের দায়িত্বে থাকা সৌরভ দলুই এ বিষয়ে জানান, তিনি জলপাইগুড়ি সদর হাসপাতালে ডায়ালিসিস ইউনিটে গত ২৫ এপ্রিল যোগ দিয়েছেন। তারপরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনা এপ্রিল মাসের আগেই হয়েছে বলেই দাবি করেন তিনি। অন্যদিকে, এই ঘটনায় জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্বে থাকা ডাক্তার জ্যোতিষ চন্দ্র দাস জানান, কোনও লিখিত অভিযোগ এখনও পর্যন্ত এ বিষয়ে জমা পড়েনি। অভিযোগ পেলে অবশ্যই যথাযথ তদন্ত করা হবে।

About Post Author