সময় কলকাতা ডেস্কঃ জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। যার জেরে ভাঙচুর করা হয় এলাকার একাধিক বাড়ি। এমনকি চলে ব্যাপক বোমাবাজি। মালদহের মানিকচকের গোপালপুরের বালুটোলা এলাকার ঘটনা। এই ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, বালুটোলা এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি মহম্মদ নাসির এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মহম্মদ সাইফুদ্দিনের মধ্যে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত এলাকা। শনিবার দিন সেই বিবাদই ভয়াবহ সংঘর্ষের রূপ নেয়। যার কারণে গোটা এলাকা জুড়ে ব্যাপক বোমাবাজি শুরু হয়। এমনকি ভাঙচুর করা হয় এলাকার একাধিক বাড়িতে। বোমাবাজির সাথে গুলিও চালানো হয় বলে অভিযোগ এলাকাবাসীর। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকাজুড়ে। এহেন পরিস্থিতি সামাল দিতে স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় মানিকচক থানায়। খবর পেয়ে মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে। এরপরই পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এলাকায় চাপা উত্তেজনা রয়ে যায়। কার্যত সেই কারণেই এলাকায় মোতায়েন করা হয় একাধিক পুলিশকর্মী। ইতিমধ্যেই মানিকচক থানার পুলিশ এলাকায় তল্লাশি চালিয়ে একটি বোমা উদ্ধার করতে সক্ষম হন।
অন্যদিকে গোটা ঘটনায় প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান এলাকাবাসীরা। ঘটনায় তৃণমূল অঞ্চল সভাপতি মহম্মদ নাসিরের দিকেই সমস্ত অভিযোগের আঙুল তুলেছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মহম্মদ সাইফুদ্দিন। তিনি অভিযোগ করে জানান, ‘অঞ্চল সভাপতি হওয়ার পর থেকেই মহম্মদ নাসির ও তার দলবল এলাকায় দাদাগিরি করার চেষ্টা চালাচ্ছে। এমনকি একটি জমি কিনলেও সেই জমি নিয়েও মাস্তানি দেখাচ্ছেন নাসিরের দলবল।
অন্যদিকে তৃণমূল সভাপতি মহম্মদ নাসির জানান, গোটা ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। এলাকায় সন্ত্রাস চালাতেই মহম্মদ সাইফুদ্দিন ও তার দলবল এদিন বোমাবাজি চালিয়েছে। প্রশাসনকে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করা হয়েছে বলেই জানান তিনি।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান