Home » ফের বন্ধন ও মৈত্রী এক্সপ্রেসের যাত্রা শুরু

ফের বন্ধন ও মৈত্রী এক্সপ্রেসের যাত্রা শুরু

সময় কলকাতা ডেস্কঃ করোনা মহামারীর রেশ কিছুটা কাটিয়ে দীর্ঘ ২ বছর ধরে ট্রেন চলাচল বন্ধ থাকার পর ফের রবিবার থেকে ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধন এক্সপ্রেসের যাত্রা শুরু হল। এদিন সকাল ৭ টা ১০ নাগাদ কলকাতা স্টেশন থেকে বনগাঁ, পেট্রাপোল হয়ে রওনা দেয় ভারত-বাংলাদেশে বন্ধন এক্সপ্রেস। এরপর এই ট্রেনটি ৯:৪১ মিনিট নাগাদ বেনাপোলে পৌঁছায়। তবে বন্ধন এক্সপ্রেসের প্রথম দিনে যাত্রী সংখ্যা খুব যে বেশি ছিল তা নয়। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। অপরদিকে এদিন মৈত্রী এক্সপ্রেস ঢাকার ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে ১৬৫ জন যাত্রী নিয়ে সকাল ৮.১৫ নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়।

উল্লেখ্য,২০১৭ সালের ১৬ নভেম্বর ভারতের কলকাতা এবং বাংলাদেশের খুলনা স্টেশনের মধ্যে চালু হয় বন্ধন এক্সপ্রেস। বিগত দুবছর করোনা মহামারীর কারণে বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস ট্রেন দুটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় দুই বাংলার রেল মন্ত্রক। এদিন কলকাতা স্টেশন থেকে সেই যাত্রার পুনঃরায় সূচনা হয়। পুরানো সূচি মেনে পাঁচদিন মৈত্রী ও দুদিন বন্ধন এক্সপ্রেস চলবে বলেই জানা গিয়েছে। যার কারণে উচ্ছ্বসিত দুই দেশের যাত্রী সহ রেল কর্তৃপক্ষ।

তবে দীর্ঘ দুই বছর পর বন্ধন ও মৈত্রী এক্সপ্রেসের চলাচলে এদিন যাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। এমনকি উৎসাহ দেখা গিয়েছে  রেল কর্তৃপক্ষের তরফেও। যদিও এদিন কোন যাত্রীকে বনগাঁ সংলগ্ন কোনো স্টেশনে নামতে দেখা যায়নি।

About Post Author