Home » আইপিএল ফাইনালে নতুন ইতিহাস গড়লেন হার্দিক পান্ডিয়া

আইপিএল ফাইনালে নতুন ইতিহাস গড়লেন হার্দিক পান্ডিয়া

আবুল কায়ুম সময় কলকাতা ডেস্কঃ আইপিএল ২০২২-এ যদি কোন ফ্রাঞ্চাইজি সবচেয়ে স্মরণীয় অভিষেক হয়ে থাকে, তা হল গুজরাট টাইটানস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দুটি নতুন দলের মধ্যে একটি গুজরাট তাদের প্রথম মরশুমেই সরাসরি ফাইনালের ক্রিজে জায়গা করে নিয়েছে। এই মরসুমে ক্যাপ্টেন হিসাবে হার্দিক পান্ডিয়ারও অভিষেক হয়েছিল।শুধু ক্যারিয়ার নয়, অধিনায়কত্বের মতন একটি কঠিন দায়িত্বেও অভিষেক হল হার্দিকের। যিনি প্রথমবারের মতো আইপিএলে এসেই শুধুমাত্র তার দলকে দুর্দান্তভাবে নেতৃত্ব দেননি, বরং নিজেই এগিয়ে গিয়ে তার শক্তিশালী পারফরম্যান্স দিয়ে একটি নতুন ইতিহাস তৈরি করেছেন। এর উৎকৃষ্ট উদাহরণ দেখা গেল ফাইনালেই। আমেদাবাদে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফাইনাল (GT VS RR) ম্যাচে, হার্দিক পান্ডিয়া এমন কিছু করে দেখালেন  যা আইপিএল-এর ইতিহাসে আগে একবারই হয়েছিল, তাও ১৩ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন হার্দিক পান্ডিয়া। রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ফাইনালে প্রথম বোলিং করে গুজরাট টাইটান্স। টসে জিতে গুজরাট প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। গুজরাট রাজস্থানকে মাত্র ১৩০ রানের নাতিদীর্ঘ স্কোরে থামিয়ে দেয় এবং হার্দিক পান্ডিয়াই সবচেয়ে বড় ভূমিকা নেয়  রাজস্থানকে ১৩০ রানের ইনিংসে বেধে রাখার ।

গুজরাট অধিনায়ক ৪ ওভার বোলিং করেছেন এবং নিজেকে সফল প্রমাণিত হয়েছেন। হার্দিক নিজের করা ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন। সেই সঙ্গে ভারতীয় লেগ-স্পিনার অনিল কুম্বলের সঙ্গে একই রেকর্ড বুকে  নাম লেখালেন তিনি। হার্দিক মাত্র দ্বিতীয় অধিনায়ক হিসেবে আইপিএল ফাইনালে উইকেট নেন। তার আগে শুধু কুম্বলেই এটা করতে পেরেছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক থাকাকালীন ১৩ বছর আগে ২০০৯ সালে ডেকান চার্জার্সের বিপক্ষে ১৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন কুম্বলে। সেই রেকর্ড ছুঁলেন হার্দিক পান্ডিয়া।

ফাইনালে হার্দিক এমন সব উইকেট নিয়েছেন, যা ম্যাচে্র রংই একেবারেই বদলে দেয় । হার্দিকের প্রথম শিকার ছিল রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। এরপর তিনি প্যাভিলিয়ন ফেরান এই মরশুমেই সবচেয়ে সফল ব্যাটসম্যান জস বাটলারকে। শিমরন হেটমায়ার হার্দিকের তৃতীয় শিকার ছিলেন। তার আউট হওয়ার সঙ্গেই রাজস্থানের বড় স্কোরের ইনিংসের  আশা মাঠে মারা যায়। এই ব্যাটাররা কেউই বড় স্কোরের মুখ দেখতে পায়নি, এবং রাজস্থানের যাত্রাপথ মাত্র ১৩০ রানেই শেষ হয়ে যায়।হার্দিক পান্ডিয়া পুরো মরশুমে মাত্র ৫ উইকেট পেলেও ফাইনাল ম্যাচে বল হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন রাজস্থানের ব্যাটারদের কাছে। আর এখানেই হার্দিকের বল হাতে ম্যাজিক দেখলেন ১৩০ কোটির ভারত।

About Post Author