সময় কলকাতা ডেস্কঃ প্রকাশ্য সভায় জেলা শাসকের সামনেই ইটভাটা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী থাপ্পড় মারার হুমকি দিলেন সরকারি কর্মীদের। শুক্রবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে এক তৃণমূল নেতা অভিযোগ করেন, ইটভাটা থেকে আদায় হওয়া রাজস্বের কোন হিসেব পাওয়া যায় না। সেগুলো নাকি কয়েক জন পকেটে চলে যায়। অভিযোগ উঠতেই মুখ্যমন্ত্রীর সরাসরি প্রশ্ন করেন জেলা শাসককে। তিনি সরাসরি জেলা শাসকের উদ্দেশে বলেন ‘‘ডিএম শুনতে পাচ্ছো? এগুলো কিন্তু তৃণমূল করেনি। করেছে প্রশাসনের নীচের তলার কর্মীরা। নিজেরাই টাকাটা খেয়ে নেয়। কী জেলা চালাচ্ছো তুমি? এতদিন জেলায় আছো। তোমার সম্পর্কে আমার ধারণাই বদলে গেল।’
এখানেই থেমে যাননি তিনি আরও বলেন, ‘‘এত কিছু দিচ্ছি মানুষকে, তবু কয়েক জন এত লোভী কেন হয়ে গিয়েছে। আর কত চাই? আমার পার্টির লোক হলে আমি টেনে চারটে থাপ্পড় মারতাম। তাদের আমি সব সময় শাসন করি।’’ তারপরই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জেলা শাসকের উদ্দেশ্যে বলেন,‘‘আমি কথা বলছি , তোমার পুলিশ চলে যাবে, তদন্ত করবে। একে বলে প্রশাসন, একে বলে কাজ। গরিব মানুষ যখন একটা কমপ্লেন করে, আমি নিতে পারি না। সে যে-ই হোক।’’
এদিন পুরুলিয়া প্রশাসনের কাজে কার্যত ক্ষিপ্ত মুখ্যমন্ত্রী। একই সঙ্গে হতাশও। তিনি সরকারি কর্মী ও অন্যান্য প্রশাসনিক কর্মীদের রীতিমত বকুনির সুরে বলেন,”ওই ওপরে ওপরে ঘুরে বেড়িয়ে ছবি তুলে কোনও কাজ হয় না।’’ পাট্টা বিলি করার জন্য কেন চিহ্নিতকরণ করা হয়নি, এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘‘দুয়ারে সরকারে যাঁরা যাচ্ছেন,তাদের কাজগুলো করে দেবেন। এ বার আর অনুরোধ নয়, সোজাসুজি নির্দেশ দিচ্ছি।’’


More Stories
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির