Home » দেশ রক্ষার অতন্দ্র প্রহরীর বাড়িতেই ডাকাতি !

দেশ রক্ষার অতন্দ্র প্রহরীর বাড়িতেই ডাকাতি !

সময় কলকাতা ডেস্কঃ রাত প্রায় দুটো, হঠাৎ একদল যুবক হুড়মুড়িয়ে ঢুকল বাড়িতে। সেনাকর্মীর বাবা মায়ের হাত পা বেঁধে চলল ডাকাতি। শুক্রবার গভীর রাতে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার উত্তর বসন্তপুরের সাহাপাড়া এলাকায়। ঘটনার পর থেকেই আতঙ্কিত এলাকাবাসীরা।

জানা গিয়েছে, মণীন্দ্রনাথ সাহা এবং গীতা সাহা নামে ওই বৃদ্ধ দম্পতির ছেলে সেনাবাহিনীতে কর্মরত। এদিন বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন তারা। অভিযোগ,হঠাৎই তালা ভাঙার শব্দ শুনেই ঘুম ভাঙে তাদের। এরপর তারা বারান্দায় আসতেই মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখাতে শুরু করে অজ্ঞাত পরিচয়ের একদল যুবক। এমনকি ওই বৃদ্ধ দম্পতির মুখে সেলো টেপ লাগিয়ে ও হাতে পায়ে দড়ি বেঁধে চোলে ডাকাতি। এরপর তিনটি ঘরের আলমারির লকার , শোকেসের সবকিছু ভেঙে লুটপাট চালায় ডাকাতরা। এমনকি শেষ মুহুর্তে বৃদ্ধ দম্পতিকে মারধোর করে বৃদ্ধার কানের দুলও ছিঁড়ে নিয়ে যায় বলেও অভিযোগ ওঠে।

ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের তরফে খবর পৌঁছায় চাঁচল থানায়। খবর পেয়ে শনিবার ভোরে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচলের এসডিপিও শুভেন্দু মন্ডল ও চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে ঘটনায় আহত মনীন্দ্রনাথ সাহা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ডাকাতরা এদিন নগদ প্রায় দেড় লক্ষ টাকা ও ১৪ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় বলেই পরিবার সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির আবেদন জানিয়েছেন আক্রান্ত বৃদ্ধ দম্পতি।

অন্যদিকে ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা কুলদা সাহা বলেন,’এলাকায় এমন ঘটনায় আমরা আতঙ্কে রয়েছি। রাতে ডাকাতি হওয়ার পর তাদের বাড়ি এসে দেখি বৃদ্ধ দম্পতি দড়িঁ বাধা অবস্থায় রয়েছে।
উল্লেখ্য,গত সপ্তাহে চাঁচল এলাকার মহানন্দপুরে এক ব্যবসায়ির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার ১২ ঘন্টার মধ্যে পুলিশ ডাকাতদলের কিনারাও করে ফেলে। একইভাবে এবারও কি এই ঘটনায় ডাকাতদল পুলিশের জালে আসবে? চাঁচল থানা পুলিশের উপর আস্থা রেখে সেই অপেক্ষায় বৃদ্ধ দম্পতি সহ গোটা গ্রামবাসী।

About Post Author