Home » বেপরোয়া গতির লড়াই, লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

বেপরোয়া গতির লড়াই, লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

সময় কলকাতা ডেস্কঃ আবারও বেপরোয়া গতি প্রাণ কাড়ল এক বাইক আরোহীর। মালবাহী লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলের মাধবপুর সেতুতে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক চালকের। ঘাতক লরির চালক ইতিমধ্যেই পলাতক। ঘটনার পর থেকেই শোকের ছায়া এলাকাজুড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মেঘনাদ স্বর্ণকার (৪১)। তাঁর বাড়ি খরবা গ্রাম পঞ্চায়েতের দিয়াগঞ্জ এলাকায়। পেশায় সে একজন স্বর্ণশিল্পী। সোমবার সকাল ১১ টা নাগাদ ইটাহার থানার নোদাপাড়া থেকে দিয়াগঞ্জে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন । ঠিক সে সময়ই চাঁচলের মাধবপুর ব্রিজে দ্রুতগতিতে আসা একটি মাল বোঝাই লরি সজোরে ধাক্কা মারে মেঘনাদবাবুর গাড়িতে। লরির আঘাতে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় চাঁচল থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে চাঁচল থানার পুলিশ আসার পর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তারা। যদিও ঘটনার পর থেকে ঘাতক গাড়ির চালক পলাতক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।

পাশাপাশি এই ঘটনার নেপথ্যে পুরনো কোনও শত্রুতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।উল্লেখ্য,মাধবপুর সেতু নির্মাণের পর থেকেই দ্রুতগতিতে বেপরোয়া মালবাহী গাড়ি থেকে শুরু করে সমস্ত যানবাহন চলাচল করে। এবার সেই গতি রোধ করতেই সেতুর উপরে স্পীড ব্রেকার ও গার্ডরেল বসানোর দাবি জানিয়েছে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।

About Post Author