Home » হৃদরোগ থেকে বাঁচতে এই খাবারগুলি এড়িয়ে চলুন! 

হৃদরোগ থেকে বাঁচতে এই খাবারগুলি এড়িয়ে চলুন! 

সময় কলকাতা ডেস্কঃ হৃদরোগ থেকে বাঁচতে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে খাবারের দিকে। বিভিন্ন খাবারের কারণে হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। এই রোগের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই সুস্থ থাকার জন্য আপনাকে খুব সচেতনতা অবলম্বন করতে হবে। জেনে নেওয়া যাক কোন খাবারগুলো হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে-

ফলের রসের সঙ্গে চিনি

স্বাস্থ্যকর পানীয়গুলোর মধ্যে অন্যতম হল ফলের রস। এটি আমাদের শরীরের জন্য নানাভাবে উপকার করে। কিন্তু জানেন কি এর সঙ্গে যদি আপনি চিনি মিশিয়ে খান, তবেই বিপদ। ফলের রস বাইরে থেকে কিনে না খেয়ে বাড়িতেই তৈরি করে খান। যেকোনো ফলের রসের সঙ্গে চিনি মিশিয়ে খাওয়া বাদ দিন। এতে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়।

বাইরের খাবার

বাইরে থেকে যেসব মুখরোচক খাবার কিনে এনে খান তাতে প্রচুর লবণ, স্নেহজাতীয় পদার্থ এবং চিনি থাকে। ডুবো তেলে ভাজা খাবার, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই এ ধরনের খাবার খেতে ভালো লাগলেও এই খাবারগুলি উচ্চরক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা বাড়িয়ে দেয়।

দানাশস্যের সঙ্গে শর্করা

আমাদের প্রতিদিনের খাবারে দানাশস্য থাকে। এটি খাওয়া ক্ষতিকর না হলেও এর সঙ্গে শর্করাজাতীয় খাবার বেশি খেলে দেখা দিতে পারে ইনফ্ল্যামেশন। সেখান থেকেই বেড়ে যেতে পারে হৃদরোগের ঝুঁকি। তাই শর্করা গ্রহণের ক্ষেত্রে বেশ সচেতন হতে হবে।

পটেটো চিপস

পটেটো চিপস খেতে কমবেশি আমরা সবাই পছন্দ করি! তবে এই চিপসে ক্যালরি, সোডিয়াম, স্নেহজাতীয় পদার্থ অনেক বেশি থাকে। তাই পটেটো চিপস খেতে অত্যন্ত লোভনীয় হলেও এটি হৃদযন্ত্রের জন্য মোটেও ভালো নয়। তাই হৃদরোগ থেকে বাঁচতে চাইলে আজই পটেটো চিপস খাওয়ার অভ্যাস ছাড়ুন।

টমেটো কেচাপ

ভাজাভুজি ধরনের খাবারের সঙ্গে থাকা চাই পছন্দের কেচাপ। তবে জানেন কি, আপনি যদি কেচাপ বা সস বেশি খান তবে শরীরে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য ব্যহত হতে পারে। কেননা টমেটো কেচাপে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে।

About Post Author