Home » ভক্তদের হতবাক করে অবসর ক্রিকেট অধিনায়কের

ভক্তদের হতবাক করে অবসর ক্রিকেট অধিনায়কের

আবুল কায়ুম, সময় কলকাতা ডেস্ক :

তেইশ বছরের ক্রিকেট জীবনে ইতি টানলেন তিনি। আবেগঘন টুইট বার্তায় অবসরের কথা ঘোষণা করার আগে তাঁর ঝুলিতে কি নেই? একসময় দলের অধিনায়ক ছিলেন,ক্রিকেটের তিন ধরণের ফরম্যাটে তাঁর ঝুলিতে ভারতীয়দের মধ্যে রয়েছে সর্বোচ্চ রান। ভারতের নীল জার্সি গায়ে চাপানো যে অত্যন্ত গর্বের বিষয় তা টুইট বার্তায় জানিয়ে ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় দলের কিংবদন্তি মহিলা ক্রিকেটার মিতালি রাজ। তিনি টুইট বার্তায় বলেছেন, “অনুভব করছি ক্রিকেট জীবনে পর্দা টানার এটাই প্রকৃত সময়।’

ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের অবসরে কার্যত একটি যুগের অবসান ঘটল । ১৯৯৯ সালে তার তার যাত্রা শুরু হয় , ২০২২ এসে সেই যাত্রা শেষ হয় । এই সময়ে মিতালি সব বড় রেকর্ড নিজের নামে করে নেন। ওডিআই ম্যাচে সবথেকে বেশি রানের রেকর্ড করেছিলেন তিনি। তিনি ২৩২ ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন, ৫০.৬৮ গড়ে ৭৮০৫ রান করেছেন। স্টাইলিশ ব্যাটারটি ৮৯ টি-টোয়েন্টিতে ২৩৬৪ রান করেছেন, যা এখন পর্যন্ত ভারতীয়দের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি। মিতালি ১২ টি টেস্ট ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছেন, ৬৯৯ রান করেছেন।তিনি তার দুই দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে ৮ টি আন্তর্জাতিক সেঞ্চুরি এবং ৮৫ টি অর্ধশতক করেছেন। ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার ২১৪ রানের ইনিংসটি মহিলাদের টেস্ট ক্রিকেটে ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর হিসেবে রয়ে গেছে।

তিনি ভারতীয় মহিলা দলের পক্ষে কঠিন মুহুর্তে উইকেটে থিতু হয়েছেন বারবার । মিতালি রাজ ভারতের হয়ে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছিলেন মার্চে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপে। এই টুর্নামেন্টে, তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার শেষ ম্যাচ খেলেছিলেন। অধিনায়ক হিসেবে এটিই ছিল মিতালি রাজের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

২০১৮ সালে মিতালি তাঁর কোচের সাথে দল নির্বাচনের বিষয়ে ঝামেলায় পড়েছিলেন। এই বিতর্ক টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে প্লেয়িং ইলেভেনে মিতালি রাজকে অন্তর্ভুক্ত না করা নিয়ে। টুর্নামেন্টে দুটি হাফ সেঞ্চুরি করা মিতালিকে এই ম্যাচের একাদশ থেকে বাদ দিয়েছিলেন কোচ রমেশ পাওয়ার। সেই বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে যেখানে ভারতীয় মহিলাদের পরাজয়ের মুখে পড়তে হয়েছিল। তার নেতৃত্বেই ভারত ২০১৭ আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল, যেখানে তারা ইংল্যান্ডের কাছে অল্পের জন্য হেরেছিল। ২০০৫ সালে আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে যাওয়ার সময়ও মিতালি দলের অধিনায়ক ছিলেন।

মিতালি টুইট করেছেন, ” আমি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি। প্রতিবারই আমি মাঠে পা দিয়েছি, ভারতকে জিততে সাহায্য করার জন্য আমি আমার সেরাটা দিয়েছি। এই যাত্রা হয়তো শেষ হয়ে গেছে কিন্তু অন্য একটা ইঙ্গিত দিচ্ছে যে আমি যে খেলাটিকে ভালোবাসি তাতে জড়িত থাকতে চাই এবং ভারত ও বিশ্বজুড়ে মহিলা ক্রিকেটের বিকাশে অবদান রাখতে চাই।”

About Post Author