সময় কলকাতা ডেস্কঃ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে অপসারণ করল কলকাতা হাইকোর্ট। আদালতে জাল নথি পেশের দায়ে সোমবার এই নির্দেশই দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে মঙ্গলবার দুপুর ২টোর সময় তাঁকে ১৭ নম্বর এজলাসে হাজিরা দিতে বলা হয়েছে। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচি।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে বেশ কিছু নথি জমা দিতে বলেছিল আদালত। সোমবার সেই নথিই আদালতে জমা পড়ে। সেই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন,‘মানিক ভট্টাচার্য যে নথি জমা করেছে তা ভুয়ো। মানিকবাবুর কাছে ২০১৭ সালের নথি চাওয়া হয়েছিল। উনি ২০২২ সালে ভুয়ো নথি বানিয়ে আদালতে পেশ করেছেন।” এরপরই অবিলম্বে মানিকবাবুকে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি পদ থেকে অপসারণের নির্দেশ দেন তিনি।

প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের মামলাতে গত ১৩ জুন সিবিআই দফতরে হাজিরা দেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। সঙ্গে ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী। সোমবার তাঁদের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, তদন্তে সহযোগিতা না করলে ওই দুইজনকে নিজেদের হেফাজতে নেওয়ার স্বাধীনতা আছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। এরপরই সোমবার সিবিআই দফতরে হাজিরা দেন তাঁরা।


More Stories
আরজিকর কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ
নেতাজির অবমাননায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
কলকাতা-হাওড়া পুরনিগমের ওয়ার্ডভিত্তিক পুনর্বিন্যাসের সংশোধনী বিল পাস, কিছুতেই স্বস্তি মিলছে না প্রাক্তন মেয়রের