সময় কলকাতা ডেস্ক: ২৫ জুন ১৯৮৩ ৷ একনম্বর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ক্রিকেটের ময়দানে ভারতের প্রথম বিশ্বজয়। লর্ডসের ব্যালকনিতে সেদিন ঝলসে উঠেছিল তেরঙ্গা। ৩৯ বছর পেরিয়ে গেলেও লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে কপিলদেবের হাতে বিশ্বকাপ আজও ভারতীয়দের মধ্যে শিহরণ জাগায়।

৮৩-র বিশ্বকাপ ভারতের হবে, এ কেউ কল্পনাতেও আনেননি। আগের দুটো বিশ্বকাপে একমাত্র ইস্ট আফ্রিকা বাদে আর কোনও দেশকেই ভারতীয়রা হারাতে পারেনি৷ টুর্নামেন্টের শুরুটাও একেবারেই ভাল হয়নি ভারতীয়দের৷ ভারতীয় দল ঘুরে দাঁড়ায় জিম্বাবোয়ের বিরুদ্ধেই৷ যে ম্যাচে একসময় ১৭ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল। ওই সময়েই ব্যাট করতে নামেন ভারত অধিনায়ক কপিল দেব ৷ তাঁর মাত্র ১৩৮ বলে ১৭৫ রানের ইনিংস ক্রিকেট ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে। সেই ম্যাচ জেতার পর ভারতীয় দলের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। আর ভারতীয়দের মনেও উঁকিঝুঁকি মারছিল এক ক্ষীণ সম্ভাবনা।
সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত পৌঁছায় বিশ্বকাপ ফাইনালে। যা একেবারেই এক অসম্ভব ছিল। কিন্তু ভারত সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিয়েছিল। ফাইনালে ভারত মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজের বিরূদ্ধে। তখনও সকলের মনে অবিশ্বাসই ভর করেছিল । কারণ প্রতিপক্ষ যে বিশ্বসেরা ওয়েস্ট ইন্ডিজ। তখন ছিল ৬০ ওভারের খেলা। লর্ডসে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। ভারত নামে ব্যাট করতে, আর ওপেনিং জুটি সুনীল গাভস্কর ও শ্রীকান্ত। গাভস্কর মাত্র ২ রান করেই আউট হয়ে যায়। অবশেষে ৫৪.৪ ওভারে ভারত সব উইকেট হারিয়ে রান করে মাত্র ১৮৩।
এরপর ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্ব চাম্পিয়ন হবে ওয়েস্ট ইন্ডিজ ভেবে নিয়েছিল সকলেই। সেদিন ভারতের দুর্দান্ত বোলিংয়ের কাছে মাত্র ১৪০ রান করে থামতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। ৫২ তম ওভারে সমস্ত উইকেট হারিয়ে ১৪০ রানে থেমে যায় তাদের ইনিংস।
কপিল দেবের হাত ধরে সেদিন এসেছিল ভারতের প্রথম বিশ্বজয়। ২৫ জুন ১৯৮৩ দিনটি ছিল ভারতীয় ক্রিকেটে স্বর্ণযুগের সূচনা।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার