সময় কলকাতা ডেস্কঃ ট্রাক থেকে উদ্ধার হল ৪৬টি মৃতদেহ। এই মৃতদেহ রহস্যের জাল উন্মোচন করতে গিয়ে হিমশিম খাচ্ছে টেক্সাস পুলিশ। সোমবার টেক্সাসের সান আন্তেনিও শহরের উপকণ্ঠের দক্ষিণ প্রান্তে একটি আঞ্চলিক রেলপথের পাশে একটি ট্রাক দেখতে পায় স্থানীয় এক পশুপালক। রহস্যজনক অবস্থায় ট্রাকটি একদিকে কাত হয়ে পড়েছিল রেল লাইনের ধারে। খবর পেয়ে টেক্সাস পুলিশ এসে ট্রাকটির খানাতল্লাশি করতে গিয়ে দেখতে পায় ট্রাকটিতে “মৃতের স্তুপ” রয়েছে। শরীরে কোন আঘাতের চিহ্ন নেই কিন্তু একটি মৃতদেহের উপর আরেকটি মৃতদেহ তারপর আরেকটি এমনভাবে প্রায় ৪৬ টি মৃতদেহ ছিল ওই ট্রাকে । এতগুলো মৃতদেহ শহরের উপকণ্ঠে রহস্যজনক অবস্থায় পড়ে থাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে সমগ্র টেক্সাস জুড়ে।

টেক্সাসের সান আন্তেনিও শহর আমেরিকা ও মেক্সিকো সীমান্ত থেকে আড়াইশো কিলোমিটার দূরে অবস্থিত। ফলে সীমান্ত দিয়ে মানব পাচার এই অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা। তবে যে ট্রাকে ৪৬ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে সেই ট্রাক থেকেই আরও ১৬ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। যার মধ্যে চারজন নাবালক রয়েছে। তারা অধিকাংশই হিট স্ট্রোকে আক্রান্ত ।তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সান আন্তেনিওর ফায়ার অফিসার চার্লস হুড জানিয়েছেন যারা ওই ট্রাকের ভিতর ছিলেন ,তারা সকলেই পরিযায়ী। সম্ভবত তাদের পাচার করার উদ্দেশ্যেই মার্কিন -মেক্সিকো সীমান্ত দিয়েই নিয়ে আসা হচ্ছিল। এর আগেও মার্কিন -মেক্সিকো সীমান্তে মানব পাচারের সময় হাতেনাতে ধরা পড়েছেন বহু পাচারকারী এবং সেইসঙ্গে উদ্ধার হয়েছে বহু মানুষ ।
মেক্সিকোর বিদেশ মন্ত্রী মার্সেলো এব্রাড তার নিজস্ব টুইটার অ্যাকাউন্টে লিখেছেন এই ঘটনা টেক্সাসের ট্রাজেডি। টেক্সাস পুলিশ ওই ড্রাইভার এর খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে মেক্সিকো -মার্কিন সীমান্তে। ট্রাক এর মধ্যে কোন জলের জার না মেলায় পুলিশের অনুমান জলকষ্ট, সেইসঙ্গে প্রখর সূর্যের তাপে হিট স্ট্রোকেই মারা গিয়েছেন ওই ৪৬ জন। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানী তদন্তে নেমেছে টেক্সাস পুলিশ। সেইসঙ্গে মানব পাচার রুখতে প্রশাসনিকভাবে তৎপরতা বৃদ্ধির কথা জানিয়েছে টেক্সাস পুলিশ।


More Stories
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত
ইতিহাস গড়তে পারল না নেপাল, ইংল্যান্ডের কাছে হার মাত্র ৪ রানে