Home » ঋষভ পন্থ কি সর্বকালের সেরা উইকেটকিপার- ব্যাটসম্যান ?

ঋষভ পন্থ কি সর্বকালের সেরা উইকেটকিপার- ব্যাটসম্যান ?

সময় কলকাতা ডেস্ক : উইকেটের পেছনে তিনি গিলক্রিস্ট হয়ে উঠতে পারেন নি , মার্ক বাউচারের মত গ্লাভস হাতে বিশ্বস্ত নন তিনি। এমনকি তাঁর পূর্বসূরী ঋদ্ধিমান সাহার মত টেকনিক্যালি দক্ষ নন। সর্বোপরি সাম্প্রতিক সময়ে ভারতের উইকেটকিপার হিসেবে যার বিরাট ছায়া যেকোনো উইকেটকিপারের ওপরে এসে পড়ে সেই এম এস ধোনির সঙ্গে এক পংক্তিতে বসার মত পরিণতি তাঁর মধ্যে আসে নি। তবুও তিনি দ্রুত পরিণত হচ্ছেন। এই মুহূর্তে তিনি স্রেফ ব্যাট হাতেই একা ম্যাচের মোড় প্রায়ই  ঘুরিয়ে দিচ্ছেন। চব্বিশ বছরের ঋষভ পন্থের মধ্যে মহীরুহ হয়ে ওঠার প্রতিশ্রুতি। উত্তরাখন্ডজাত দিল্লির ক্রিকেটার ঋষভ পন্থ ভারতীয় ক্রিকেটে যুবশক্তির উত্থানের প্রতীক।

ইংল্যান্ডের অসম্পূর্ণ সিরিজের নিস্পত্তি করতে দ্বিতীয় দফার ইংল্যান্ড যাত্রায় ইংরেজ বোলারদের শাসন করেছেন পন্থ । শেষ টেস্টে একটি সেঞ্চুরি ও একটি অর্ধশতরান করে ম্যাচ প্রায় ভারতের মুঠোয় এনে ফেলেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের একদল অনভিজ্ঞ তরুণ শেষ ইনিংসে তিনশোর ওপরে রান করে যে অকল্পিনীয় জয় আনে, সেই জয়েও তিনি-ই ছিলেন প্রধান কান্ডারি। ইংল্যান্ডের  ফাস্ট বোলার অ্যান্ডারসনকে স্পিনারদের মত করে খেলার ভঙ্গিতে প্রহার করতে পারেন অবলীলায়, এক হাতে বা আলগা হাতে অবিশ্বাস্য ছয় মারতে পারেন পন্থ।অতি সম্প্রতি ইংল্যান্ডকে একদিবসীয় সিরিজে হারাতে তিনি ছিলেন ভারতের প্রধান অস্ত্র। ওল্ড ট্র্যাফোর্ডে তাঁর অপরাজিত ১২৫ ফারাক গড়ে দেয় দুদলের মধ্যে।

উইকেটকিপার হিসেবে তাঁর সমালোচনা হলেও ধোনি বা ঋদ্ধিমানের চেয়ে অনেক দ্রুত শততম শিকারে পৌঁছেছেন পন্থ। মাত্র ২৬ টেস্ট ম্যাচেই ১০০ টি শিকার ( ক্যাচ ও স্টাম্প মিলিয়ে ) সংগ্রহ করেছেন পন্থ যা করতে ধোনি বা ঋদ্ধিমানের লেগে গিয়েছিল ৩৬ টি টেস্ট।একথা ঠিক যে মার্ক বাউচার বা গিলক্রিস্টের মত শয়ে-শয়ে ক্যাচ বা স্টাম্প ধরতে বা তাঁদের মত উচ্চতায় উঠতে তিনি আদৌ পারবেন কিনা তা বলা খুব কঠিন।

কিন্তু ঋষভ পন্থের সম্পর্কে যা চোখকান বুজে বলা যায় তা হ’ল ঋষভ পন্থের ব্যাটসম্যান হিসেবে দক্ষতা পূর্ণ বিকশিত হলে তিনি মার্ক বাউচার বা ধোনিকে অনায়াসে ছাড়িয়ে যাবেন ।তিনি প্রচন্ড মারকুটে হিসেবেই পরিচিত। তবুও টেস্টে তাঁর সাফল্য ইতিমধ্যেই প্রশ্নের অতীত। একমাত্র গিলক্রিস্ট ও অ্যান্ডি ফ্লাওয়ার ছাড়া তাঁর মত ব্যাটিং গড় কোনও ব্যাটসম্যানের নেই। সাংগাকারা যে ৪৮ টি টেস্ট ম্যাচে কিপিং করেছেন সেই টেস্টগুলিতে তিনি সাধারণ ব্যাটসম্যানের পর্যায়ে নেমে এসেছেন। টেস্টে ৫৭ রানের বেশি ব্যাটিং গড় রাখা শ্রীলঙ্কার তারকার উইকেটকিপার থাকাকালীন ব্যাটিং গড় মাত্র ৪০। ভারতের ব্যাটসম্যানদের মধ্যে ঋদ্ধিমান বা ফারুক ইঞ্জিনিয়ার দুরস্ত, এম এস ধোনির চেয়েও তাঁর ব্যাটিং সাফল্য ইতিমধ্যেই প্রস্ফুটিত। উইকেটকিপার-ব্যাটসম্যান ধোনির যাবতীয় ব্যাটিং সাফল্য দেশের মাটিতে। উপমহাদেশের বাইরে শতরানের মুখ দেখেন নি তিনি।অন্যদিকে,ইতিমধ্যেই পন্থ পাঁচটি শতরান সহ দুহাজারের বেশি টেস্ট রান করেছেন। অ্যাডাম গিলক্রিস্ট বা অ্যান্ডি ফ্লাওয়ারকে ব্যাটসম্যান হিসেবে ছাপিয়ে যাওয়ার গুন ক্রমেই প্রকট হচ্ছে ঋষভের মধ্যে। সময়ই বলবে পন্থ বিশ্বের সর্বকালীন সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান হয়ে উঠতে পারেন কিনা।।

About Post Author