Home » মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত সিআইডির ডিএসপি-সহ ২

মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত সিআইডির ডিএসপি-সহ ২

সময় কলকাতা ডেস্কঃ ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে রাজ্য পুলিশের সিআইডির গাড়ি। পূর্ব বর্ধমান থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। যার জেরে মৃত্যু হয় এক সিআইডি অফিসার সহ দুজনের। সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর থেকেই শোকের ছায়া এলাকাজুড়ে।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পূ্র্ব বর্ধমান থেকে কলকাতার দিকে আসছিল সিআইডির একটি গাড়ি। গাড়িতে ছিলেন গাড়ির চালক সহ সিআইডির ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক প্রশান্ত নন্দী এবং সন্তোষ সরকার নামের এক সিভিক ভলান্টিয়ার। সূত্রের খবর, জামালপুরের আঝাপুর এলাকার সামনে থাকা কন্টেনারে ধাক্কা মারে সিআইডির গাড়িটি। তৎক্ষণাৎ ঘটনাস্থলেই দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের তরফে খবর যায় পুলিশের কাছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহত তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বর্ধমান সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা প্রশান্ত নন্দী ও সন্তোষ সরকারকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে বর্ধমান হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে গাড়ির চালক। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সিআইডির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েই কন্টেনারে ধাক্কা দিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি গাড়িটিতে কোনও সমস্যা ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

About Post Author