সময় কলকাতা ডেস্কঃ ২১ জুলাই অর্থাৎ তৃণমূলের শহিদ দিবস এর সমাবেশে কঠোর ভাবে মেনে চলতে হবে করোনাবিধি এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশ, সমাবেশের ভিড় থেকে রাজ্যে করোনা যাতে ছড়িয়ে না পড়ে সেই বিষয়টি মাথায় রেখে রাজ্য সরকারকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। কিন্তু উচ্চ আদালতের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একেবারেই ভিন্ন চিত্র দেখা গেল এদিন ধর্মতলার সমাবেশে। করোনা বিধি উপেক্ষা করে প্রচুর মানুষের সমাগম হয়েছে এই সভায়। কারো মুখে নেই মাস্ক।
রাজ্যে ফের করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে গত দু’বছরের মতোই এবারও ভার্চুয়াল মাধ্যমে যেন ২১ জুলাইয়ের সমাবেশ করা হয়, এই আবেদন নিয়েই হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন কলকাতার চিকিৎসক সঞ্জীবকুমার মুখোপাধ্যায়। বুধবার সেই মামলারই শুনানি হয় হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় সওয়াল করেন যে, যেহেতু সমাবেশ খোলা জায়গায় হচ্ছে, তাই এ ক্ষেত্রে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা খুব কম। শুনানি শেষে হাইকোর্ট নির্দেশ দিয়েছে পূর্ব ঘোষণামতো ধর্মতলাতেই হবে রাজ্যের শাসক দলের সমাবেশ। তবে সেই সমাবেশে কঠোর ভাবে পালন করতে হবে করোনাবিধি।

উল্লেখ্য,করোনা সংক্রমণের হার যেভাবে বৃদ্ধি পেয়ে চলেছে তাতে চতুর্থ ঢেউ অবশ্যম্ভাবী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ, মৃত্যু, পজিটিভিটি রেট। রাজ্যে পাল্লা দিয়ে বেড়ে চলেছে অ্যাকটিভ কেসের সংখ্যা। এই পরিস্থিতিতে ১০ জুন নবান্ন থেকে করোনা বিধি সংক্রান্ত এক নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই নির্দেশিকাই মেনে চলার কথা বলেছে আদালত। পাশাপাশি আদালত জানিয়েছে, শান্তিপূর্ণভাবে যেন সমাবেশ হয় তা নিশ্চিত করতে হবে রাজ্যকে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা