সময় কলকাতা ডেস্কঃ সামান্য আম গাছ থেকে পড়ে গিয়ে চোট পেয়েছিল ছোট্ট অভি। এরপর সেই অসুস্থতা বাড়তে বাড়তে জানা গেল কিডনি অকেজো হয়ে গিয়েছে ছয় বছরের ছোট শিশুর। স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও মেলেনি চিকিৎসা। অর্থাভাবে সেই শিশুটির চিকিৎসা বন্ধ হয়ে গিয়েছে। এলাকার বিধায়ক তাজমুল হোসেন অন্যদিকে মন্ত্রীত্ব পেয়েছেন। নতুন মন্ত্রীমশাই কি শুনতে পাচ্ছেন ছোট্ট অভির কান্না?

রাজ্যের দুইপ্রান্তে দুইরকম ছবি। একদিকে প্রাক্তন মন্ত্রী মশাইয়ের বান্ধবীর ঘর থেকে উদ্ধার হয় কাড়ি কাড়ি নোটের বান্ডিল। অন্যদিকে মুশহর সম্প্রদায়ের মানুষ ঋষি পরিবারের খুদে সদস্যটি সেই টাকার অভাবেই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। তাঁদের আছে স্বাস্থ্যসাথী কার্ড। কিন্তু সেই সবের সুবিধেই পাচ্ছে না তাঁদের পরিবারের খুদে সদস্যটি। আমগাছ থেকে পড়ে গিয়ে পেটে চোট পেয়েছিল অভি ঋষি। এরপরই অসুস্থ হতে শুরু করলে চিকিৎসকের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। চিকিৎসক জানান, খুদের শরীরের ডানদিকের কিডনি অকেজো হয়ে গিয়েছে। আকাশ ভেঙে পড়ে ঋষি পরিবারের মাথার উপর।
খুদে অভিকে সারিয়ে তুলতে আবাস যোজনার টাকা, ঘরে জমানো পুঁজি শেষ করতে বাধ্য হন পেশায় পরিযায়ী শ্রমিক বাবা হিন্দোল ঋষি। বাড়ি বাড়ি গিয়েও কাজ করে চলেছেন অভির মা নমিতা ঋষি এবং ঠাকুমা সীমা ঋষি। কপালে বিপিএল কার্ড বা মুশহর সার্টিফিকেট জোটেনি। তাই কখনও কখনও শাক পাতা খেয়ে দিন গুজরান করছেন তাঁরা, যাতে ছেলেটা ঠিক হয়ে যায়। কিন্তু মা বাবার কান্নার আওয়াজ প্রশাসনের কান পর্যন্ত গিয়ে পৌঁছালো না এখনও।
এলাকার বিধায়ক তাজমুল হোসেন মন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন। পরিবারের আশা যদি মন্ত্রীমশাই বাঁচাতে পারেন তাঁদের ছোট্ট ছেলেটাকে। তবে রাজ্যের প্রশাসন যে সাধারণকে পরিষেবা দিতে ব্যর্থ, সেই সুরই আরও একবার এই ইস্যুকে কেন্দ্র করে সপ্তমে উঠেছে বিরোধীদের। তবে প্রশাসনের তরফে সুজাতা সাহা জানিয়েছেন, দ্রুতই শিশুর পরিবারের বিপিএল কার্ডের ব্যবস্থা করা হবে। মহকুমা শাসককে এই শিশুর বিষয়ে সংবাদদাতা জানালে তিনি আশ্বস্ত করেন পরিবারের পাশে প্রশাসন থাকবে।

প্রশাসনের আশ্বাস, বিরোধীদের সপ্তমে চড়ে থাকা সুর, নতুন মন্ত্রীর হস্তক্ষেপ – এই সবই চলতে থাকবে হয়ত নিজের ছন্দে। কিন্তু এই সবের মাঝে শিশু অভির দেহে জমতে থাকা জলের পরিমাণ ছাপিয়ে যাচ্ছে তার বাবা মায়ের চোখের জলকেও। সঠিক সময়ে সে যদি চিকিৎসা না পায়, তাহলে হয়ত একটা উজ্জ্বল ভবিষ্যতের অপমৃত্যু ঘটবে। সেই দায় কে নেবে ?


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী