Home » কুস্তিগীররা করলেন বাজিমাত! পঞ্চম স্থানে ভারত

কুস্তিগীররা করলেন বাজিমাত! পঞ্চম স্থানে ভারত

সময় কলকাতা ডেস্কঃ মেয়েদের নাকি কুস্তি করতে নেই। শরীর ভেঙে যায়। এই রকম গাল ভরা সংলাপ হামেশাই সিনেমা, থিয়েটার কিংবা টিভি সিরিয়ালে আমরা শুনে এসেছি। বাস্তবজীবনেও এই একই কথা শুনতে হয়েছে গীতা, ববিতা, ভিনেশ ফোগটের বাবা মহাবীর সিং ফোগটকেও। সেই মেয়েরাই সোনা, রূপো নিয়ে ডালি ভরছে ভারতের। কমনওয়েলথ গেমসের কুস্তিগীর অষ্টম দিনে কার্যত একের পর এক জয় ছিনিয়ে এনেছেন বিদেশি খেলোয়াড়দের মুখ থেকে।

মহিলাদের ৫৭ কেজি বিভাগের প্রথম গোল্ড মেডেল ম্যাচ অংশু মালিক নাইজেরিয়ার ওডুনায়ো আদিকুওরোয়ের কাছে ৩-৭ ব্যবধানে হেরে যান। যদিও তিনি নিরাশ করেননি। কারণ তিনি ঘরে ফিরছেন রূপো নিয়ে। এরপর পুরুষ কুস্তিগীর বজরং পুনিয়া আসরে নামেন এবং রূপো জয়ের নিরাশা কাটিয়ে ভারতকে প্রথম সোনা এনে দেন। দাপুটে স্টাইলে পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে ৯-২ এর ব্যবধানে কানাডিয়ান প্রতিপক্ষ লাচলান ম্যাকনিলকে কার্যত ধোবি পছার দেন বজরং।

কমনওয়েলথ গেমসে মহিলাদের কুস্তিতে ভারতকে প্রথম সোনা এনে দিলেন সাক্ষী মালিক। হাজার হতাশা, ব্যর্থতা পেরিয়ে পোডিয়ামে উঠে যখন মহিলাদের ৬২ কেজি ফ্রিস্টাইল বিভাগে সোনার পদকটি তিনি গলায় পড়ে নিচ্ছেন, সেই সময় তাঁর চোখের জলে আবেগপ্রবণ হয় পড়েন দর্শকরাও। এদিনের ইভেন্টে বজরং পুনিয়ার পাশাপাশি সোনার ছেলের খেতাব পেয়েছেন দীপক পুনিয়াও। পুরুষদের ৮৬ কেজির ফ্রিস্টাইলের ফাইনাল ম্যাচে দীপক পুনিয়া পাকিস্তানের মহম্মদ ইনামকে ৩-০ ব্যবধানে হারিয়ে সোনা জয় করে নেন।

শুধু সোনা আর রূপোই নয়, ৬৮ কেজি বিভাগের ব্রোঞ্জ পদকের ম্যাচে ভারতের দিব্যা কাকরান জিতেছেন ব্রোঞ্জ পদক। এই ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিলেন টোঙ্গার লিলি ককার। যদিও ম্যাটের টাইগারকে মাত্র ২৬ সেকেন্ডের মাথায় ‘ভিকট্রি বাই ফল’ করান এবং ব্রোঞ্জ ম্যাচ জিতে নেন দিব্যা কাকরান। ভারত কুস্তিতে আরও একটি ব্রোঞ্জ অর্জন করেন। মোহিত গ্রেওয়াল পুরুষদের ১২৫ কেজি ফ্রিস্টাইলে জামাইকার অ্যারন জনসনকে হারিয়ে দিয়ে এই পদক উপহার দেন ভারতকে। আর এরই সঙ্গে ভারত পদক তালিকায় পঞ্চমস্থানে জায়গা করে নেয়। অষ্টম দিনের শেষে মোট ২৬টি পদক অর্জন করেছেন ভারতীয় অ্যাথলিটরা।

About Post Author