Home » ত্বকের যত্নে ভরসা রাখুন বেসনে!

ত্বকের যত্নে ভরসা রাখুন বেসনে!

সময় কলকাতা ডেস্কঃ বেসন একটি খুব ভালো ক্লিনজার যা ত্বকের পি এইচ লেভেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতেও বেসন বেশ সক্ষম। বেসন ত্বকের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে। বিভিন্ন উপাদানের সঙ্গে বেসন মিশিয়ে বিভিন্ন ধরনের ফেসপ্যাক তৈরি করেও ত্বকের অনেক সমস্যা দূর করা যায়।

১. কাঁচা দুধের সঙ্গে বেসন খুব ভালো করে মিশিয়ে মুখে, গলায়, পিঠে ও হাতে খুব ভালো করে লাগিয়ে আধ ঘন্টা রেখে ধুয়ে ফেলতে পারেন। এতে দ্রুত ত্বকের জেল্লা ফিরে আসে। এমনকী ত্বকের বলিরেখার হাত থেকে বাঁচাতে সাহায্য করে। সপ্তাহে অন্ততপক্ষে তিন দিন স্নানের আগে এই ফেসপ্যাক ব্যবহার করুন।

২. বেসনের সঙ্গে কাঁচা দুধের পরিবর্তে ব্যবহার করতে পারেন টকদই। যাদের অতিরিক্ত সান ট্যান আছে তাদের জন্য কিন্তু এই ফেসপ্যাকটি ভালো। পিঠে, গলায়, মুখে ভালো করে ঘষে ঘষে বেশ খানিকক্ষণ লাগিয়ে রেখে দিন। তারপর ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন, দেখবেন আপনার ট্যান উধাও হয়ে গিয়েছে।

৩. বেসনের সঙ্গে মধু মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন। যাদের অতিরিক্ত শুষ্ক ত্বক তারা এর সঙ্গে কয়েক ফোঁটা নারকেল তেল ব্যবহার করতে পারেন। ত্বকের অতিরিক্ত কালো দাগ দূর করতে এই মিশ্রণটি ব্যাপক কার্যকরী।

৪. সপ্তাহে অন্তত দুদিন বেসনের সঙ্গে কফি পাউডার এবং চালের গুঁড়ো পরিমাণ মতন জল অথবা কাঁচা দুধ ব্যবহার করে একটি ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন। এই ফেসপ্যাকটি অসাধারণ একটি স্ক্রাবারের কাজ করে। যাদের ত্বক অনেক বেশি খারাপ হয়ে গেছে, তারা সপ্তাহে অন্তত দু থেকে তিন বার এই প্যাকটি ব্যবহার করতে পারেন।

৫. বেসনের সঙ্গে একটি কলা ভালো করে চটকে নিন। তার সঙ্গে বেশ কয়েক চামচ চিনি নিয়ে নিন। এরপর মিশ্রণটি আপনার ত্বকে লাগিয়ে আধঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন। মুখের জেল্লা ফিরিয়ে আনতে পারে এই প্যাকটি।তাই সপ্তাহে কমপক্ষে দু-তিন দিন এই প্যাকটি ব্যবহার করুন।

About Post Author