Home » ফের অনুব্রতকে তলব

ফের অনুব্রতকে তলব

সময় কলকাতা ডেস্কঃ বুধবার ফের সকাল ১১ টা নাগাদ দশমবার অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। সোমবার এসএসকেএমে শারীরিক পরীক্ষার পরেই বোলপুরের ফিরে যান অনুব্রত মণ্ডল। এদিন সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হলেও শারীরিক অসুস্থতার কারণে দেখিয়ে স্বভাবসিদ্ধ ভাবেই হাজিরা এড়িয়ে যান বীরভূমের জেলা সভাপতি। সূত্রের খবর, সোমবার অনুব্রত বোলপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরেই তাঁর চিনারপার্কের বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের এক আধিকারিক। জানা গিয়েছে, ফের অনুব্রতকে গরু পাচার মামলায় নোটিস দিতেই যান সেই আধিকারিক। কিন্তু বাড়িতে কেউ না থাকায় নোটিস না দিয়েই ফিরে আসেন তিনি।

সোমবার,গরুপাচার মামলায় সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতর। কিন্তু সূত্রের খবর, রবিবারই ই-মেইল মারফত, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে, আরও কিছুটা সময় চেয়ে নেন অনুব্রতর আইনজীবী। শারীরিক চিকিৎসার জন্য সোমবার নিজাম প্যালেসে না গিয়ে এসএসকেএমে পৌঁছন বীরভূমের জেলা সভাপতি।

জানা গিয়েছে,অনুব্রত মণ্ডলের ফিসচুলা ধরা পড়েছে। এছাড়াও তাঁর মাথার পিছনে, ঘাড়ে ব্যথা রয়েছে। পাশাপাশি তাঁর কাশিও রয়েছে। সব মিলিয়ে একটি মেডিক্যাল চেক আপের প্রয়োজন রয়েছে অনুব্রত মণ্ডলের। সেকারণেই সোমবার শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএমে পৌঁছন তিনি। এরপরই এসএসকেএম-এর চিকিৎসকরা পরীক্ষা করে জানান, বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের এই মুহূর্তে হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই। অনুব্রত-র ক্রনিক ডিজিজ রয়েছে, কিন্তু নিয়মমাফিক ওষুধেই তা নিরাময় সম্ভব।

প্রসঙ্গত, এর আগেও গরুপাচার মামলায় একাধিকবার সিবিআই তলব করেছিল বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। কিন্তু, অনুব্রত ছিলেন অনুব্রততেই। বেশিরভাগ সময়ই শারীরিক অসুস্থতার কথা জানিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। তবে, বুধবার তিনি নিজাম প্যালেসে হাজিরা দেবেন কিনা,তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।

About Post Author